দলীয় নাম ও 'জোড়াফুল' প্রতীক নিজেদের দখলে রাখতে নির্বাচন কমিশনে দুই ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, জমা দেওয়া নথির মধ্যে পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়কের হলফনামা রয়েছে, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১৭ জন সাংসদের হলফনামাও নির্বাচন কমিশনের কাছে পেশ করা হয়েছে। এর আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূলের তরফে ছ'ট্রাক ভর্তি নথি জমা দেওয়া হয়েছিল। ফলে দলীয় চিহ্ন ও নাম নিয়ে দুই পক্ষের আইনি লড়াই এবার নতুন মাত্রা পেল।
দিল্লিতে নির্বাচন কমিশনে নথি জমা দেওয়ার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন ডেরেক ও'ব্রায়েন এবং দোলা সেন। কল্যাণ জানান, যে ১৭ জন সাংসদের হলফনামা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে আট জন লোকসভার এবং নয় জন রাজ্যসভার সদস্য। এ ছাড়া তৃণমূলের প্রতিষ্ঠা যাঁদের হাতে, সেই ১৪ জনের মধ্যে জীবিত সাত জনের ছ'জনের সমর্থনপত্র জমা দেওয়া হয়েছে। জাতীয় কর্মসমিতির সদস্য এবং মেঘালয় ও অসমের বিধায়কদের হলফনামাও জমা পড়েছে বলে তিনি জানান। পাশাপাশি বিরোধী শিবিরের জমা দেওয়া নথিকে ভুয়ো দাবি করে কল্যাণ বলেন, তাঁদের জমা দেওয়া সমস্ত তথ্য ও হলফনামা সম্পূর্ণ আসল।
অন্যদিকে ঋতব্রত-তৃণমূলের প্রতিনিধি আখরুজ্জামান দাবি করেছেন, তাঁরা ১২ লক্ষের বেশি কর্মী, নেতা ও সমর্থকের সই করা হলফনামা জমা দিয়েছেন এবং শুনানিতেই পরিষ্কার হবে কার পক্ষে কত জন বিধায়ক ও সাংসদ রয়েছেন। এই রাজনৈতিক বিতর্ক নিয়ে মন্তব্য করে বিজেপি নেতা সুকান্ত ভট্টাচার্য বলেন, মমতা-তৃণমূল এখন একটি ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। দুই দলের পক্ষ থেকেই বিপুল নথি জমা পড়ার পর এবার নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেখানে উভয় পক্ষ একে অপরের দাবির বিরুদ্ধে সওয়াল-জবাব করবে।
#TMC #MamataBanerjee #ElectionCommission #WestBengalPolitics #TMCSymbol