হায়দরাবাদে তেলঙ্গানার কংগ্রেস সরকার আয়োজিত ‘ভারত সম্মেলনে’ একাধিক দেশ-বিদেশের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। সেখানে নীতি-নৈতিকতা, গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি ও ক্ষমতার কেন্দ্রীয়করণের পাশাপাশি SIR-এ অনিয়ম এবং ভোটচুরির অভিযোগ নিয়ে আলোচনা হয়। সেই সম্মেলনের মঞ্চে বক্তৃতা দিতে উঠে ইতালির রাজনীতিক তথা পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টসের সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবাক বিরোধী I.N.D.I.A শিবিরের আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর মুখে শোনা যায় বিরোধীদের ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান। সেই সময় মঞ্চে উপস্থিত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হাসতে দেখা যায় এবং সেখানে হাততালি ওঠে।
ইতালীয় রাজনীতিকের এই মন্তব্য এবং রাহুলের উপস্থিতি নিয়ে রাহুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে তীব্র আক্রমণে নেমেছে বিজেপি। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, বিদেশিরা ভারতকে আক্রমণ করলে কীভাবে কেউ হাসতে পারেন। মহারাষ্ট্রের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, আন্তর্জাতিক মঞ্চে বিদেশিদের ডেকে এনে রাহুল গান্ধী ভারবিরোধী মন্তব্য করেছেন এবং গোটা বিশ্বের সামনে ভারতকে হেয় করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বি সঞ্জয় কুমার এবং তেলঙ্গানার বিজেপি সভাপতি এন রামচন্দ্র রাও এই ঘটনাকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বহিরাগতদের হস্তক্ষেপ ও রাষ্ট্রদ্রোহিতা বলে তোপ দাগেন।
বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ খাটো করে দেখেছে কংগ্রেস ও বিরোধী শিবির। কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি মন্তব্য করেন, মোদি সরকার ও বিজেপির এ বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই এবং বিদেশিদের মন্তব্যে তাদের আত্মসমীক্ষা করা প্রয়োজন। কংগ্রেসের মুখপাত্র গিরিজা এস ২০১৯ সালে হিউস্টনে প্রধানমন্ত্রী মোদীর দেওয়া 'অব কি বার ট্রাম্প সরকার' স্লোগানের কথা উল্লেখ করে পালটা প্রশ্ন তোলেন। অন্যদিকে, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত খোঁচা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী যদি ইতালির প্রধানমন্ত্রীকে মেলোডি চকলেট দিতে পারেন, তবে ইতালির রাজনীতিকও ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন।
#BharatSummit #RahulGandhi #BJP #Congress #IndianPolitics