Headlines

অফিসের ল্যাপটপে ওয়েব হোয়াটসঅ্যাপ ব্যবহারে কেন্দ্রীয় সরকারের সতর্কতা, জানুন সুরক্ষার উপায়

অফিসের নানা কাজের সূত্রে প্রায় সকলেই ল্যাপটপ কিংবা ডেস্কটপে ওয়েব হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তবে কাজের শেষে অনেক সময় অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলে যাওয়ার কারণে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে। সম্প্রতি এই বিষয়ে সাধারণ ইউজারদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (14C)-এর ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট (NCTAU)-এর তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফিসের ল্যাপটপ, ডেস্কটপ কিংবা শেয়ার করা কম্পিউটারে সক্রিয়ভাবে ওয়েব হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে নজর দিতে পারে সাইবার দুনিয়ার দুষ্কৃতীরা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অন থাকা সেশনের সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশাধিকার লাভ করতে পারে। একবার সাইবার দুষ্কৃতীদের ফাঁদে পড়লে একজন ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজ, চ্যাট, কনট্যাক্ট তালিকা এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যাবতীয় কথোপকথন ফাঁস হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি থাকে। ফলে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করে ইউজারকে জালিয়াতির ফাঁদে ফেলার আশঙ্কা বৃদ্ধি পায়। এতে কেবল আর্থিক ক্ষয়ক্ষতি নয়, ব্যবহারকারীর জীবনে নানা ধরণের বড়সড় নেতিবাচক প্রভাব ও নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এই কারণে ব্যবহারকারীদের সুরক্ষার স্বার্থে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে বলা হয়েছে। অফিসে বা শেয়ারিং কম্পিউটারে কাজ করার সময় ওয়েব হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত তথ্য ব্যবহার যথাসম্ভব কমিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মূল সতর্কতা হিসেবে জানানো হয়েছে যে, অফিসে নিজের আলাদা ল্যাপটপ বা ডেস্কটপ থাকলেও প্রতিদিনের কাজের শেষে অবশ্যই মনে করে ওয়েব হোয়াটসঅ্যাপ লগ আউট করে দিতে হবে। কাজের শেষে লগ আউট করার অভ্যাস বজায় রাখলে সাইবার অপরাধীদের হাত থেকে নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা সম্ভব হবে।

#WhatsAppWeb #CyberSecurity #CyberSafety #TechNews #CyberCrime

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *