Headlines

১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশে চেপে দেশে ফিরতে চান শেখ হাসিনা, জানালেন দিনক্ষণ

বাংলাদেশ ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে দু'বছরেরও বেশি সময় ধরে আশ্রয়ে থাকা হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ১৯৭১ সালে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা লাভের ঐতিহাসিক 'বিজয় দিবস'-এর দিনেই তিনি ঢাকায় পা রাখতে আগ্রহী। 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্স'-এর বিমানে চেপেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, সংবিধান বহির্ভূত ভাবে তাঁকে নির্বাসিত করা হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় তাঁর ফেরার ব্যবস্থা করার দায়িত্ব বর্তমান সরকারের।

হাসিনার আইনি পরামর্শদায়ী সংস্থা লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্স-এর পক্ষ থেকে গত ৯ নভেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। হাসিনাকে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র চেয়ে আবেদন জানানো হয়েছিল এবং তাঁর স্বাক্ষর সম্বলিত নথিও জমা দেওয়া হয়। তবে বাংলাদেশের তরফে এই আবেদনের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও কাগজপত্র দেওয়া হবে না এবং প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে বাংলাদেশে ফিরতে হবে। পাশাপাশি বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, দেশে পা রাখা মাত্রই তাঁকে গ্রেফতার করা হবে।

বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলন হিংসাত্মক রূপ নিলে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। পরবর্তীতে সেখানে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে; আওয়ামি লিগ নিষিদ্ধ হয় এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। বর্তমানে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার সরে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় রয়েছে। বর্তমানে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামি লিগ নেতা-কর্মীদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

#SheikhHasina #Bangladesh #SheikhHasinaReturn #BangladeshNews #VijayDiwas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *