চলমান স্পেশাল সামারি রিভিসন বা এসএসআর (SSR) প্রক্রিয়ার সময় ভোটার তালিকার সম্ভাব্য ভুল বা ত্রুটিপূর্ণ তথ্য চিহ্নিত করে তা সংশোধনের নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। গত ২৫ নভেম্বর পাঠানো একটি চিঠিতে কমিশন ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) এই কড়া নির্দেশ পাঠিয়েছে। ভোটার তালিকার ভুল শুধরে নিতে বর্তমান তথ্যের সঙ্গে এসআইআর (SIR) চলাকালীন সংগৃহীত তথ্যের তুলনা করতে বলা হয়েছে। এই প্রক্রিয়ায় মূলত ভোটারদের নাম, আত্মীয়ের নাম বা সম্পর্কের ধরন, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ছবির মতো তথ্যে থাকা অসঙ্গতি চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, উত্তরপ্রদেশ, অসম, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, কেরল, গুজরাত ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসহ মোট ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন বুথ লেভেল অফিসারদের (BLO) নির্দেশ দিয়েছে যে, এসএসআর চলাকালীন যেসকল ভোটারের তথ্যে অসংগতি ধরা পড়বে, তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর প্রয়োজন অনুযায়ী যথাযথভাবে পূরণ করা ও স্বাক্ষরিত 'ফর্ম-৮' (Form-8) সংগ্রহ করবেন আধিকারিকেরা। নির্ধারিত পদ্ধতি মেনে আবেদনপত্রগুলি পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন এইআরও (AERO) এবং ইআরও (ERO)। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র স্বয়ংসক্রিয় বা অটোমেটেড শনাক্তকরণের ভিত্তিতে ভোটার তালিকায় কোনও ধরনের পরিবর্তন করা যাবে না। পুরো প্রক্রিয়াটি ইসিআইনেট (ECINet)-এর সংশ্লিষ্ট বিএলও, এইআরও এবং ইআরও মডিউলের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের তা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, এসআইআর (SIR) প্রক্রিয়া থেকে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির আবেদনগুলির বিষয়েও দ্রুত পদক্ষেপের নির্দেশ এসেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্ত করার যেসব আবেদন জমা পড়েছে, সেগুলির দ্রুত বিচার ও নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, যেসব এলাকায় নির্বাচন আসন্ন, সে সব এলাকা চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে আবেদনগুলো নিষ্পত্তি করতে হবে। এই কাজের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
#ElectionCommission #VoterList #SIRRevision #SupremeCourt #IndianPolitics