নদিয়ার চাকদা থানা এলাকায় এক মতুয়া নেতার বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণ এবং দুই শিশুকন্যাকে যৌন হেনস্থার মারাত্মক অভিযোগ উঠল। অভিযোগ অনুযায়ী, বুধবার গভীর রাতে সাড়ে বারোটার পর ৭-৮ জন মুখ ঢাকা দুষ্কৃতী তাঁদের বাড়িতে চড়াও হয়। সেখানে দুষ্কৃতীরা ব্যাপক মারধর, গৃহ ও গাড়ি ভাঙচুর এবং লুঠপাট চালায়। গৃহকর্তার দু-হাত ও মুখ বেঁধে তাঁর স্ত্রীকে বন্দুক ঠেকিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ। একই সঙ্গে মতুয়া সম্প্রদায় নিয়ে নানা কটূক্তি করা হয় এবং থানায় জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতা মহিলার মেডিক্যাল পরীক্ষা করানোর পাশাপাশি তাঁর গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শুভম যাদব জানান, ঘটনার সবিস্তার তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্তকরণ ও প্রমাণের সুবিধার্থে ঘটনাস্থলে একটি এফএসএল টিম পৌঁছাবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহল থেকেও কড়া প্রতিক্রিয়া এসেছে। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার অবিলম্বে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত বিচার এবং সাজা দেওয়া প্রশাসনের দায়িত্ব। অপরাধ রুখতে প্রশাসন যাতে কড়াহাতে ব্যবস্থা নেয়, সেই আশ্বাস ও বার্তা দেন তিনি। অভিযুক্তদের সন্ধানে পুলিশি তল্লাশি জারি রয়েছে।
#NadiaNews #Chakdaha #WestBengal #CrimeNews #PoliceInvestigation