ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। পাসপোর্টে দেওয়া তথ্যে একাধিক অসঙ্গতি থাকার অভিযোগ তুলে কেন্দ্র সরকার সম্প্রতি দিল্লি হাইকোর্টে এ কথা জানিয়েছে। জানা গিয়েছে, গত ২৪ নভেম্বর ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল সৌরভের। তবে তার আগের দিন অর্থাৎ ২৩ নভেম্বর মুম্বই পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে। এর ফলে মধ্যরাতে বিমানবন্দরে পৌঁছলেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি এবং বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়। এই ঘটনার পর কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করে ‘কাপুরুষ’ বলে ক্ষোভ প্রকাশ করেন সৌরভ দাস।
বিদেশে যেতে বাধাপ্রাপ্ত হয়ে সৌরভ আদালতের দ্বারস্থ হলে বিচারপতি অমিত মহাজানের এজলাসে কেন্দ্রের পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা বিষয়টির ব্যাখ্যা দেন। তিনি জানান, গত ২০ অগাস্ট পুদুচ্চেরীর পুলিশ সুপারের একটি তদন্তে সৌরভের পাসপোর্টের তথ্যে গোলমাল ধরা পড়ে। পাসপোর্টের আবেদনপত্রে সৌরভ তাঁর বাবার নাম ফাঁকা রেখেছিলেন, পাশাপাশি কিছু নথিতে দিল্লির এবং কিছুতে পুদুচ্চেরীর ঠিকানা ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া তাঁর স্কুল ও পার্সেন্টাজেও অসঙ্গতি পাওয়া যায়। তবে আদালতে কেন্দ্র স্পষ্ট করেছে যে সৌরভের কেবল বিদেশযাত্রা আটকানো হয়েছে, তাঁর পাসপোর্ট বাতিল করা হয়নি। ২৩ নভেম্বর তাঁকে শোকজ নোটিস পাঠিয়ে ৩০ নভেম্বরের মধ্যে জবাব দিতে বলা হলেও তিনি জবাব না দিয়ে সরাসরি আদালতে যান।
ইতিমধ্যেই সৌরভ দাসের সমর্থনে সরব হয়েছেন ককরোচ জনতা পার্টির অপর নেতা অভিজিৎ দীপকে। তিনি দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় বিজেপি সমর্থকদের বিভিন্ন হ্যান্ডল থেকে সৌরভের পাসপোর্টের প্রতিলিপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সিস্টেমের ভেতর থেকে কীভাবে একজন সাধারণ নাগরিকের পাসপোর্ট এভাবে ফাঁস হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশ্ন তোলেন যে, কারোর প্রধানমন্ত্রীর ডিগ্রি দেখার অধিকার না থাকলেও কীভাবে এক নাগরিকের গোপন পাসপোর্ট প্রকাশ্যে ঘুরছে।
#SauravDas #CockroachJantaParty #DelhiHighCourt #PassportIssue #IndianPolitics