আইপিএল ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ভবিষ্যতে বহাল রাখা হবে নাকি বাতিল করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি এই বিষয়ে সমস্ত ফ্র্যাঞ্চাইজির মতামত জানতে চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি চালুর পর থেকেই ভারতীয় টুর্নামেন্টে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ক্রিকেট মহলের একাংশের মতে, এই নিয়মের ফলে বোলারদের কাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এবং ম্যাচের স্কোর অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে।
ফ্র্যাঞ্চাইজিদের মতামত গ্রহণ
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা শুরু হয়েছে। পিএমওএ, ম্যাচ অফিসিয়াল, অনুশীলন সেশন এবং সামগ্রিক প্লেয়িং কন্ডিশন নিয়ে দলগুলির অবস্থান জানতে চেয়েছে বোর্ড। টুর্নামেন্টের মানোন্নয়ন এবং সমস্ত পক্ষের সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটিই।
তারকা ক্রিকেটারদের বিরোধিতাও নজরে রয়েছে
অতীতেও আইপিএল সমাপ্তির পর বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করা হয়ে থাকে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম সম্পর্কে একাধিক তারকা ক্রিকেটার যেমন রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল এবং শুভমন গিল তাদের অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাদের মতে, এই নিয়ম অলরাউন্ডারদের ভূমিকা সংকুচিত করে দিচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো ইমে স্পষ্ট করা হয়েছে যে, আসন্ন টুর্নামেন্ট শুরুর আগে দলগুলির মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে সব দলকে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে যাতে সময়মতো উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।