নয়াদিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন পুরুষ পুলিশ কর্মীদের বিরুদ্ধে আন্দোলনকারী মহিলা ও মহিলা সাংবাদিকদের সাথে অভব্য আচরণ এবং শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ উঠেছে। এসআইআর নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল। ককরোচ জনতা পার্টির আহ্বানে মুম্বইয়ে বিরাট জনসমাবেশের পাশাপাশি দিল্লির যন্তরমন্তরেও বহু মানুষ প্রতিবাদে শামিল হন। সেই আন্দোলনের সময়ই দায়িত্বপ্রাপ্ত পুলিশের বিরুদ্ধে তিন জন মহিলা সাংবাদিককে যৌন নির্যাতন ও অশালীন স্পর্শের অভিযোগ ওঠে, যা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়।
ঘটনাটি সামনে আসতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব চেয়ে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, এফআইআর দায়ের করার জন্য মহিলা সাংবাদিকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও পুলিশ প্রথমে অভিযোগ নেয়নি। উল্টে ক্যামেরা কেড়ে নেওয়া হয়, প্রতিবাদীদের হেফাজতে নেওয়া হয় এবং সাংবাদিকদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে ককরোচ জনতা পার্টি ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনও (AISA) সরব হয়। ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের অভিযোগ, এসিপি বিবেক ভগৎ এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং স্থানীয় ডিসিপি সচিন শর্মা তাঁকে আড়াল করার চেষ্টা করছেন।
ককরোচ জনতা পার্টির সৌরভ দাস অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের এবং তাঁকে বরখাস্ত করার দাবি তুলেছেন। এআইএসএ-র বিবৃতিতে বলা হয়, আন্দোলনে যোগ দেওয়া ছাত্রী, আইনজীবী ও সাংবাদিকদের প্রকাশ্য গালিগালাজ ও হেনস্থা করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে বিতর্ক ও রাজনৈতিক চাপ তীব্র হওয়ার পর অবশেষে মুখ খোলে দিল্লি পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিন জন মহিলা সাংবাদিকের কাছ থেকে শ্লীলতাহানির লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত সুনিশ্চিত করতে সম্পূর্ণ বিষয়টি অপরাধ দমন শাখার (ক্রাইম ব্রাঞ্চ) কাছে হস্তান্তর করা হয়েছে।
#DelhiPolice #RahulGandhi #JantarMantar #DelhiNews #CrimeBranch