নতুন গাড়ি কেনার আনন্দ অনেক সময় চরম উদ্বেগে পরিণত হতে পারে। সম্প্রতি তেমনই এক অভিনব ঘটনার সাক্ষী হয়েছে সাধারণ মানুষ, যা ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সাধের নতুন বাহনটি সুরক্ষায় রাখতে এক ব্যক্তি যা করেছেন, তা দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন সবাই।
বিহারে ঘটে যাওয়া এই ঘটনাটি বর্তমানে আলোচনার তুঙ্গে রয়েছে। জানা গিয়েছে, রাজ্যের গোপালগঞ্জ এলাকার এক বাসিন্দা পেশাগত কারণে বিদেশে থাকেন। সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন এবং সেই সময়েই একটি নতুন এসইউভি গাড়ি কিনেছিলেন। কিন্তু এই সাধের গাড়িটিই পরবর্তীতে তাঁর রাতের ঘুম কেড়ে নিয়েছিল।
বিদেশে ফিরে যাওয়ার আগে তিনি একটি গাড়িচালক নিযুক্ত করেছিলেন। চুক্তি অনুযায়ী, ওই চালকের কাছেই গাড়িটি থাকার কথা ছিল। কিন্তু বিপত্তি বাঁধে যখন হঠাৎ করেই সেই চালক চাকরি ছেড়ে চলে যান। এর পরই মালিকের মনে গাড়িটির নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কার সৃষ্টি হয়। গাড়িটি চুরি হয়ে যেতে পারে এই ভয়ে তাঁর চরম উদ্বেগ বাড়তে থাকে।
সুরক্ষার এক অদ্ভুত উপায়
গাড়িটি সুরক্ষিত রাখার জন্য বহু চিন্তাভাবনা করার পর একটি অভিনব সমাধান বের করা হয়। সাধারণ কোনো গ্যারেজে গাড়িটি না রেখে সোজা নিজের বাড়ির ছাদে তা তুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই পরিকল্পনা বাস্তবায়িত করতে একটি বড় ক্রেন ভাড়া করে আনা হয়।
ক্রেন দিয়ে গাড়ি তোলার এই দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই এই ঘটনা চাক্ষুষ করতে স্থানীয় বাসিন্দাদের প্রচুর ভিড় জমে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সুদৃক্ষভাবে ক্রেনের সঙ্গে চার চাকার গাড়িটিকে বেঁধে মাটি থেকে ওপরে তোলা হচ্ছে। একপর্যায়ে বাতাসে পেন্ডুলামের মতো দুলতে থাকে সেটি। অবশেষে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটিকে ছাদের নির্দিষ্ট অংশে নামানো হয়।
এই ঘটনার পর থেকেই সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এভাবে ক্রেন দিয়ে কোনো ভারী গাড়ি বাড়ির ছাদে তোলা কতটা নিরাপদ, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। পাশাপাশি, আবাসিক বাড়ির ছাদে এইভাবে গাড়ি রাখা আদৌ আইনসম্মত কি না, সে প্রশ্নও তোলা হয়েছে। যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।