আইপিএলে আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। পেশাদার ক্রিকেট থেকে অজিঙ্ক রাহানে সরে দাঁড়ানোর পর থেকেই নাইট ব্রিগেডের নতুন নেতা খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দলের অধিনায়কত্ব নিয়ে নানা জল্পনার মাঝেই একটি নতুন নাম জোরালোভাবে সামনে আসছে।
নাইট ম্যানেজমেন্টের সম্ভাব্য অধিনায়ক খোঁজার তালিকায় অনেকের সঙ্গে তারকা ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর নামও রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আগামী মরশুমে এই বঢোদরার অলরাউন্ডারকে দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। জানা গিয়েছে যে নাইট ম্য়ানেজমেন্ট হার্দিকের সঙ্গে যোগাযোগও করেছিল। তবে এই আলোচনার মধ্যেই কেকেআরের ঘরের ছেলে রিঙ্কু সিংহের নাম প্রস্তাব করেছেন বিশ্বজয়ী ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না।
আইপিএলের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০২৪ মরশুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু সেই সাফল্যের পরেই শ্রেয়সকে ছেড়ে দেওয়া হয় এবং দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় অজিঙ্ক রাহানের হাতে। তবে এই সিদ্ধান্ত দলের জন্য কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেনি। রাহানের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজিটি গত দুই মরসুমে প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ব্যাট হাতেও তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে আসন্ন নিলামের আগে নতুন অধিনায়ক নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এই প্রেক্ষাপটেই উঠে আসছে রিঙ্কু সিংহের নাম। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইউপি টি-টোয়েন্টি লিগে মীরাট ম্যাভেরিক্স খেতাব জিতেছে এবং সেই দলের সফল অধিনায়ক ছিলেন রিঙ্কু সিংহ। তরুণ এই বাঁহাতি ব্যাটার ভারতের জাতীয় দলের হয়েও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন এবং অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর নেতৃত্বে মীরাট চলতি মরশুমে ১০টি ম্যাচের মধ্যে ৯টিতেই দুর্দান্ত জয় তুলে নিয়েছিল। অধিনায়ক হিসেবে তাঁর এই সাফল্য সকলের নজর কেড়েছে।
রিঙ্কু সিংহের নেতৃত্ব প্রসঙ্গে সুরেশ রায়না অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি মনে করেন, রিঙ্কু সিংহের অধিনায়কত্ব সত্যিই প্রশংসনীয় এবং তিনি ইতিমধ্যেই নিজের চার নম্বর ফাইনালে খেলে ফেলেছেন। রায়নার মতে, কেকেআর যখন একজন নতুন অধিনায়ক খুঁজছে, তখন দলের ম্যানেজমেন্টের উচিত রিঙ্কু সিংহের ওপর ভরসা রাখা এবং তাঁকে কয়েকটি ম্যাচে নেতৃত্বভার দিয়ে সুযোগ দেওয়া।
নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির জার্সিতে রিঙ্কু সিংহ ব্যাট হাতেও বহু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দলের হয়ে এখনও পর্যন্ত তিনি ১৩৯৪ রান সংগ্রহ করেছেন। আইপিএলে কেকেআরের হয়ে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৩ রান। নাইট জার্সিতে মোট ৬টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন এই প্রতিভাবান ব্যাটার এবং তাঁর স্ট্রাইক রেট ১৪৬। সব মিলিয়ে, দলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সংযুক্তি এবং সম্প্রতি নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁকে কেকেআরের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে অন্যতম প্রধান দাবিদার করে তুলেছে।