ভোটার তালিকায় ভূরি ভূরি অনিয়ম এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে তোলপাড় চলছে। বিজেপি-বিরোধী I.N.D.I.A জোট, আম আদমি পার্টিসহ একাধিক দল প্রতিবাদের রাস্তায় নামলেও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-কে বিরোধীদের যৌথ মিছিলে দেখা যায়নি। এই পরিস্থিতিতে হায়দরাবাদে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুলেছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। বিরোধীদের আন্দোলনে যোগ না দেওয়া প্রসঙ্গে তিনি সাফ জানান যে, তিনি ওই জোটের অংশ নন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, "কিসসা খতম। বেগানী শাদী মেঁ মেরা ক্যায়া কাম?"
বিরোধীদের যৌথ মিছিলে অংশ না নিলেও নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওয়েইসি। তিনি অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার বাছাইয়ের বর্তমান আইনটি ভুল এবং সম্পূর্ণভাবে সরকারের অনুকূলে তৈরি। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে নিয়ে গঠিত কমিটি ১:২ ফলাফলের দিকেই যায় বলে তিনি মত প্রকাশ করেন। এই ব্যবস্থার পরিবর্তনের দাবি তুলে ওয়েইসি বলেন, নিয়োগ কমিটিতে দেশের প্রধান বিচারপতি (CJI), প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে রাখা উচিত।
পাশাপাশি এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে সরব হয়ে ওয়েইসি দাবি করেন, এটি আসলে পিছনের দরজা দিয়ে এনআরসি (NRC) চালু করার একটি কৌশল। বিহারে এই প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকেই তিনি বিরোধিতা করে আসছেন উল্লেখ করে ১৯৬০ সালের নথি চাওয়া ও ফর্ম-৬ সংক্রান্ত জটিলতার কড়া সমালোচনা করেন তিনি। অন্যদিকে, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে প্রতিবাদের সময় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং ডেরেক ও'ব্রায়েনদের আটকে দেওয়া হলেও নিজেদের দাবিতে অনড় রয়েছে বিরোধী দলগুলি।
#AsaduddinOwaisi #AIMIM #GyaneshKumar #ElectionCommission #SIRProtest