অসুস্থ হয়ে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী। বুকে সংক্রমণ দেখা দেওয়ায় এদিন সন্ধ্যায় আনুমানিক সাড়ে ৭টা নাগাদ ৯৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের পালমোনারি বিভাগে চিকিৎসকদের একটি দলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এর আগে চলতি বছরের মে মাসেও বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যার কারণে তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ছাড়া পান। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল, যেখানে তিনি স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. বিনীত সুরির তত্ত্বাবধানে ছিলেন।
১৯২৭ সালের ৮ নভেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আডবাণী। তিনি ১৯৪২ সালে স্বয়ংসেবক হিসেবে আরএসএস-এ যোগ দেন। পরবর্তীতে ১৯৫৮ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত দিল্লিতে জনসঙ্ঘের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৭০ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। ১৯৭২ সালের ডিসেম্বরে তিনি জনসঙ্ঘের সভাপতি হন। এরপর অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যৌথভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গঠন করেন আডবাণী। ১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি বিজেপির মহাসচিবের দায়িত্ব সামলান। ১৯৮৬ সালের মে মাসে তিনি বিজেপির সভাপতি হন এবং ১৯৮৮ সালে পুনরায় ওই পদে মনোনীত হন। ১৯৯০ সালে সোমনাথ থেকে তাঁর দেশজোড়া রথযাত্রা দলকে এক অন্য পরিচয় দেয় এবং বিজেপিকে ২টি আসন থেকে ৮২টি আসনে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি প্রধান কারিগর ছিলেন।
দলীয় প্রধান হিসেবে লালকৃষ্ণ আডবাণী ১৯৮৬-১৯৯০, ১৯৯৩-১৯৯৮ এবং ২০০৪-২০০৫—এই তিন মেয়াদে বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ নেতার স্বাস্থ্যের ওপর নিয়মিত নজর রাখছেন চিকিৎসকেরা।
#LalKrishnaAdvani #BJP #HealthUpdate #DelhiHospital #IndianPolitics