ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা প্রায় ৯ দিন পর দিল্লির তিহাড় জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ১৩ অক্টোবর গ্রেফতার হওয়ার পর ১৪ অক্টোবর থেকে তাঁরা তিহাড় জেলে বন্দি ছিলেন। বুধবার দিল্লির স্পেশ্যাল এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত সমস্ত সত্যতা যাচাই করে তাঁদের মুক্তির নির্দেশ দেয়। মামলাকারীর আইনজীবী অভীক চিমনি জানান, হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাঁদের পুনরায় আদালতে হাজির করা হলে মুক্তির আদেশ মেলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ হঠাৎই যন্তরমন্তরকে বিক্ষোভের স্থান থেকে বাদ দেওয়ার পর, ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে লোহার গেট টপকে সেখানে ঢোকার অভিযোগে সৌরভ ও আশুতোষকে গ্রেফতার করা হয়েছিল।
আদালতের মুক্তির নির্দেশ আসতেই সোশাল মিডিয়ায় সিজেপি নেতাদের শুভেচ্ছা জানান অরবিন্দ কেজরিওয়াল। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, জামিন পাওয়ার জন্য আশুতোষ ও সৌরভকে আন্তরিক অভিনন্দন এবং তাঁরা যেন এভাবেই দেশের জন্য লড়াই চালিয়ে যান, কারণ পুরো দেশ তাঁদের সঙ্গে রয়েছে। অন্যদিকে ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধী জোট ইন্ডি সহ ককরোচ জনতা পার্টি এবং বিভিন্ন ছাত্র, যুব ও মহিলা সংগঠন। শুক্রবারও কড়া নিরাপত্তার মধ্যে ছাত্র-যুবদের একাংশ কনট প্লেসে পুলিশি প্রহরায় জাতীয় পতাকা উড়িয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ জানান।
তবে বিরোধীদের এই আন্দোলনের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির দাবি, এই আন্দোলনের পেছনে কোনও জনসমর্থন নেই। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, যেসব অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তিকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং যারা নির্বাচনে পরাজিত হচ্ছে, তারাই এই আন্দোলন করছে। এই আন্দোলনের কোনও জনভিত্তি নেই উল্লেখ করে তিনি মন্তব্য করেন যে, ভিড়তন্ত্র কোনওদিন গণতন্ত্রের জায়গা নিতে পারে না। সিজেপি নেতাদের এই মুক্তি এবং রাজনৈতিক বিরোধিতার জেরে বর্তমানে জাতীয় রাজধানী অঞ্চলে রাজনৈতিক উত্তাপ বজায় রয়েছে।
#CJP #ArvindKejriwal #TiharJail #DelhiNews #IndianPolitics