Headlines

সিঁদুরখেলা ও ঐতিহ্যবাহী রীতি মেনে শহরজুড়ে শুরু দুর্গা প্রতিমা নিরঞ্জন

বিজয়া দশমীতে সিঁদুরখেলা ও দেবীবরণের মধ্য দিয়ে শুরু হলো দুর্গা প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি। বাগবাজার সর্বজনীন থেকে শুরু করে শহরের বিভিন্ন মণ্ডপ ও বনেদি বাড়িতে প্রথা মেনে উৎসবের শেষ লগ্নে মেতে ওঠেন মহিলারা। দেবীবরণের পর একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়ার দৃশ্য দেখা যায় দিকে দিকে। মুদিয়ালি ক্লাবেও ঐতিহ্য মেনে দেবীবরণ ও সিঁদুরখেলার আনন্দ ভাগ করে নেন সবাই। সঙ্গে ধামসা ও মাদলের তালে নাচে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। মর্ত্য ছেড়ে কৈলাসে ঘরের মেয়ের ফেরার এই সময়ে বাতাসের বিষাদের সুর থাকলেও সকলের মুখে মুখরিত হয়ে ওঠে ‘আসছে বছর আবার হবে’ ধ্বনি।

শোভাবাজার রাজবাড়িতে বিজয়া দশমীর ঐতিহ্যবাহী প্রথা পালন করা হয় বিশেষ গুরুত্বের সঙ্গে। এই রাজবাড়িতে সাধারণ সিঁদুরখেলা না হলেও প্রতিমাকে সিঁদুর পরানোর বিশেষ রীতি রয়েছে। দশমী পুজো শেষ হওয়ার পর বিসর্জনের তোড়জোড় শুরু হয় এবং প্রতিমা ঘাটে নিয়ে যাওয়া হয়। গঙ্গার ঘাটে পৌঁছনোর পর বাঁশের ওপর বসিয়ে জোড়া নৌকায় করে প্রতিমা নিয়ে যাওয়া হয় মাঝগঙ্গায়। সেখানে বাঁশ কেটে প্রতিমা নিরঞ্জনের চিরাচরিত ও ঐতিহাসিক প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। একই সঙ্গে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটেও প্রথা মেনে মায়ের বিসর্জন শুরু হয়েছে।

রাজ্যজুড়ে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপত্তার সঙ্গে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলকাতা, হাওড়া, ব্যারাকপুর ও চন্দননগর—এই চার জায়গায় বিসর্জন প্রক্রিয়ার তদারকির জন্য মোট ১৮ জন আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে কলকাতায় ১২ জন, হাওড়ায় ২ জন, ব্যারাকপুরে ২ জন এবং চন্দননগরে ২ জন আইপিএস অফিসার কড়া নজরদারিতে রয়েছেন। প্রতিমা নিরঞ্জন সহজ ও দ্রুত করতে নিমতলায় ৯টি এবং বাবুঘাটে ১২টি ট্রলির বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া বিসর্জনের সার্বিক ব্যবস্থাপনায় ঘাটে ঘাটে প্রায় ৩০০ জন কুলি দায়িত্ব সামলাচ্ছেন।

#DurgaPuja #Dashami #SindurKhela #KolkataPuja #DurgaVisarjan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *