Headlines

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’: ল্যান্ডফলের আগে সতর্কতা জারি আবহাওয়া দফতরের

বঙ্গোপসাগরে তৈরি হওয়া 'অর্ণব' অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূল এবং বিশাখাপত্তনমের মাঝামাঝি ইয়ানাম উপকূলের কাছাকাছি এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল বা স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ার কথা উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা এলাকায়। এর প্রভাবে মঙ্গলবার থেকেই বিভিন্ন রাজ্যে মেঘলা আকাশ ও কোথাও কোথাও ভারী থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

দুর্যোগ পরিস্থিতির কথা মাথায় রেখে আবহাওয়া দফতর থেকে শেষ মুহূর্তের বিশেষ সতর্কতা নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ থেকে সাধারণ মানুষকে ঘরের ভেতরে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর জোর দিয়েছে, যার মধ্যে রয়েছে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, জরুরি ওষুধ, প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার এবং নিরাপদ পানীয় জল প্রস্তুত রাখা। পাশাপাশি, যে কোনও ধরণের ঝুঁকি এড়াতে আবহাওয়া দফতরের দেওয়া যাবতীয় সতর্কতা ও আবহাওয়ার জরুরি আপডেট নিয়মিত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে এ রাজ্যেও বুধ ও বৃহস্পতিবার উপকূলীয় এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। দুর্যোগ সামলাতে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় একাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে। এ রাজ্যে দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির দাপট লক্ষ্য করা গেছে। সুন্দরবনের উপকূলীয় থানাগুলির পক্ষ থেকে এলাকায় সতর্কপ্রচার চালানো হচ্ছে। জেলা শাসক অভিষেক তিওয়ারির নেতৃত্বে এক বৈঠকে মহকুমা শাসক ও দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

#CycloneArnab #IMDWarning #WeatherUpdate #CycloneAlert #AndhraPradesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *