গগনচুম্বী অট্টালিকা এবং আধুনিক জীবনযাত্রার জন্য পরিচিত দুবাই এবার এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরশাহির দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঘোষণা করেছে যে তারা ২৪ ক্যারাট সোনা দিয়ে আস্ত একটি হাঁটার রাস্তা তৈরি করছে। এটিই হতে চলেছে পৃথিবীতে প্রথম ২৪ ক্যারাট সোনার তৈরি রাস্তা, যা বিশ্বের মধ্যে দীর্ঘতমও হবে। মূলত সোনার ব্যবসা এবং পর্যটনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে বিশ্ব মানচিত্রে দুবাইকে আরও উঁচুতে তুলে ধরতে এই পরিকল্পনা করা হয়েছে। ২০২৬ সালের শেষদিকে কিংবা আগামী দু' মাসের মধ্যে এই হাঁটার পথটি সাধারণ মানুষের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হতে পারে।
দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের সিনিয়র ডিরেক্টর রশিদ আল হারমুদি জানিয়েছেন, মানুষকে একটি অনন্য ও স্বর্ণালী অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই তাঁদের প্রধান উদ্দেশ্য। সোনার গয়না তৈরিতে দুবাই ইতিমধ্যেই বড় মাইলফলক তৈরি করেছে। যেমন জোয়ালুকাস জুয়েলারি বিশ্বের সবচেয়ে বেশি ওজনের এবং সবচেয়ে বড় আকারের ভারতীয় ঝুমকো বানিয়ে দুটি গিনেস ওয়র্ল্ড রেকর্ডস অর্জন করেছে। তবে এই নতুন সোনার রাস্তাটি ঠিক কতটা দীর্ঘ হবে, এতে ঠিক কত পরিমাণ সোনা চাপানো হবে কিংবা এই প্রকল্পে মোট কত খরচ পড়বে, তা এখনও প্রকাশ্যে আনা হয়নি।
পশ্চিম এশিয়ার বুকে একটি বিশাল স্বর্ণ ও গয়না প্রদর্শনীর পরিকল্পনা করছে দুবাই। বাজার বিশেষজ্ঞদের মতে, এই সোনার রাস্তাটি সেই বাণিজ্যিক প্রদর্শনীকে আরও সমৃদ্ধ করে তুলবে। সম্প্রতি দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে পাইকারি স্বর্ণ ব্যবসা কেন্দ্রের সংখ্যা ২০ শতাংশ এবং সোনা, গয়না, মূল্যবান রত্ন ও মহার্ঘ ঘড়ি বিক্রির দোকানের সংখ্যা প্রায় ১৫ শতাংশ বেড়েছে। এই বাণিজ্যিক অঞ্চলের পরিধি আরও বাড়ানো হচ্ছে এবং আগামী দিনে ব্যবসা বৃদ্ধির হার আরও অনেক বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
#Dubai #GoldWalkway #DubaiGoldDistrict #UAE #GoldRoad