স্কুলে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। হরিয়ানার পাঁচকুলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। যেখানে তৃতীয় শ্রেণির এক ছাত্র কিন্ডারগার্টেনের এক ছাত্রীকে অত্যন্ত নৃশংসভাবে আক্রমণ করেছে বলে অভিযোগ। গত ২৮ অক্টোবর পাঁচকুলার সেক্টর কুড়ির একটি মডেল স্কুলে এই ঘটনাটি সংঘটিত হয়। সিসিটিভি ফুটেজে এই পুরো চিত্রটি ধরা পড়েছে। ঘটনার তীব্রতা এতটাই বেশি যে তা দেখে যে কারোরই শিউরে ওঠার মতো অবস্থা হতে পারে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত তৃতীয় শ্রেণির ছাত্রটি একটি শ্রেণিকক্ষের ভেতর শিশুটিকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এরপর ডেস্কের সঙ্গে একাধিকবার তার মাথা ঠুকে দেওয়া হয়। মাটিতে ফেলে তাকে লাগাতার লাথি মারা হয়। এখানেই শেষ নয়, ঘরের ভেতর থাকা পাথর এবং ফুলদানি দিয়ে শিশুটির ওপর চড়াও হয় ওই ছাত্র। এমন বেধড়ক মারধরের জেরে একপর্যায়ে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে ছোট্ট মেয়েটি। রক্তে ভেসে যেতে থাকে চারপাশ। কিন্তু এত কিছুর পরেও অভিযুক্তের আক্রমণ থামেনি, সে অচৈতন্য শিশুর ওপর অত্যাচার চালিয়ে যায়।
প্রায় দেড় মিনিট ধরে এই নারকীয় তাণ্ডব চালানোর পর ক্লাসরুম ছেড়ে চলে যায় অভিযুক্ত ছাত্র। স্কুল ছুটির পর যখন আক্রান্ত শিশুর বাবা-মা তাকে নিতে আসেন, তখন অভিযুক্ত নিজেই তাদের ক্লাসের সামনে নিয়ে গিয়ে জানায় যে তাদের সন্তান সেখানে পড়ে রয়েছে। রক্তমাখা ও গুরুতর জহত অবস্থায় মেয়েটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্য চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তার পুরো শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।
এই নৃশংস ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশ ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত শিশুর অভিভাবকদের সঙ্গে কথা বলেছে। তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন কেন এত কম বয়সে এমন হিংস্র আচরণ করল ওই বালক। অন্যদিকে, আক্রান্ত শিশুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিক্ষকের কাছে ওই ছাত্রের নামে অভিযোগ করার কথা বলেছিল শিশুটি, আর সেই ক্ষোভ থেকেই এই হামলা। তাছাড়া অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও প্রাণীদের ওপর নির্যাতন সহ বিভিন্ন হিংসাত্মক আচরণের অভিযোগ ছিল বলে জানিয়েছে পরিবার। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে স্কুলগুলির অন্দরে পড়ুয়াদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।