Headlines

অন্ধ্রপ্রদেশে ক্লাসরুমে ঢুকে ছাত্রীকে করাত দিয়ে কোপ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপতাড়ু মণ্ডল হেডকোয়ার্টারের একটি জেলা পরিষদ স্কুলে ক্লাস চলাকালীন এক চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর আক্রমণের ঘটনা ঘটেছে। দশম শ্রেণির ক্লাসে যখন শিক্ষিকা পড়াচ্ছিলেন, ঠিক সেই সময় আচমকাই গাছ কাটার করাত নিয়ে এক যুবক শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। অভিযুক্ত যুবক সরাসরি এক ছাত্রীর উপর চড়াও হয়ে তার মুখ, মাথা ও পিঠে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এই সময় পাশেই থাকা অন্য এক ছাত্রী তাকে বাঁচাতে গেলে সে-ও আক্রান্ত হয়। আক্রমণের পর আহত ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় ক্লাসরুমে ফেলে রেখে অভিযুক্ত যুবক চম্পট দেয়।

ঘটনার পরই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত স্কুলে পৌঁছে গুরুতর আহত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে ইমার্জেন্সিতে তার চিকিৎসা শুরু করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত যুবক আক্রান্ত ছাত্রীর দূর সম্পর্কের আত্মীয়। বেশ কিছুদিন ধরেই সে ওই ছাত্রীকে হেনস্থা করছিল। ছাত্রীটি যুবককে তার থেকে দূরে থাকতে বলেছিল এবং তার মা-বাবাকে জানিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল। প্রাথমিক অনুমান, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া এবং প্রতিবাদের জেরেই এই হামলা চালানো হয়েছে।

এই অনভিপ্রেত ঘটনার পর স্কুলের পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনাটি জানার পর তীব্র ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেছেন। তিনি জেলার উচ্চপদস্থ আধিকারিক ও স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে আহত ছাত্রীকে প্রয়োজনীয় সমস্ত উন্নত চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া, পুলিশকে এই মামলার দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্ত যুবকের জন্য উপযুক্ত ও কঠোর শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

#AndhraPradesh #Anantapur #SchoolAttack #ChandrababuNaidu #CrimeNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *