Headlines

ব্যক্তিগত কম্পিউটারে র‍্যামের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন স্যাম অল্টম্যানের, প্রযুক্তি বিশ্বে বিতর্ক

স্মার্টফোন, ল্যাপটপ কিংবা সাধারণ কম্পিউটারের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল র‍্যাম। তবে সাধারণ মানুষের ব্যক্তিগত ডিভাইসে এই মেমোরি চিপ ব্যবহারের যৌক্তিকতা নিয়ে আপত্তি তুলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যান। তিনি দাবি করেছেন, র‍্যামের আসল এবং সঠিক জায়গা হল বড় বড় ডেটা সেন্টার, যাতে এআই মডেলগুলোর প্রশিক্ষণ ও পরিচালন ব্যবস্থা সুষ্ঠভাবে সম্পন্ন হতে পারে। বিশ্বজুড়ে ডাইনামিক র্যান্ডম এক্সেস মেমোরি বা DRAM এবং বিভিন্ন মেমোরি চিপের তীব্র ঘাটতির আবহেই তাঁর এই মন্তব্য প্রযুক্তি বিশ্বে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

এক পডকাস্ট অনুষ্ঠানে কথা বলার সময় অল্টম্যান জানান, মেমোরি চিপের আন্তর্জাতিক বরাদ্দের নিরিখে পরিস্থিতি বেশ জটিল। সীমিত পরিমাণ র‍্যামের এক বড় অংশ ব্যক্তিগত কম্পিউটারে পড়ে রয়েছে, যার মধ্যে মাত্র পাঁচ শতাংশ বাস্তবে ব্যবহৃত হয়। তিনি জানান, বহু মানুষ ভাবছেন ওপেন সোর্স মডেলের মাধ্যমে নিজেদের কম্পিউটারে লোকাল ইনফারেন্স চালানো সম্ভব, ফলে ডেটা সেন্টারের আর প্রয়োজন পড়বে না। কিন্তু অল্টম্যানের মতে, যেখানে চিপের পর্যাপ্ত জোগান নেই, সেখানে ক্লাউড প্রযুক্তির সর্বাধিক ব্যবহার করাটাই যুক্তিসঙ্গত পদক্ষেপ। তবে অনেকেই এই ধারণার উল্টোটা ভাবছেন বলে তিনি জানান।

স্মার্টফোন, ট্যাবলেট, গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেম থেকে শুরু করে গেম কনসোল—সব কিছুতেই র‍্যামের প্রয়োজন হয়। স্যামসাং ও এসকে হাইনিক্সের মতো হাতে গোনা কয়েকটি সংস্থা মূলত মেমোরি চিপ তৈরি করে। বর্তমানে এআই সংস্থাগুলি ডেটা সেন্টার চালাতে অগ্রাধিকারের ভিত্তিতে উৎপাদিত র‍্যামের বড় অংশ আগেভাগেই বুক করে রাখছে। এর পাশাপাশি ২০৩০ সালের মধ্যে কম্পিউটিং পাওয়ার খাতে ওপেনএআই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের লক্ষ্য ধরে রেখেছে, এবং গুগল বা অ্যামাজনের মতো সংস্থাগুলিও একই পথ অনুসরণ করছে। ফলে র‍্যাম ও অন্যান্য যন্ত্রাংশের দাম দ্রুত বাড়ছে, যা সাধারণ স্মার্টফোন ও ল্যাপটপের বাজারমূল্য বাড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতি সিলিকন ভ্যালিতে স্বনিয়ন্ত্রিত এআই মডেল বনাম ক্লাউড-নির্ভর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মধ্যকার বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে।

#SamAltman #OpenAI #RAMShortage #TechNews #DataCenter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *