Headlines

মেঘালয়ে রাজনৈতিক সংকট: মন্ত্রিসভা থেকে মেতবাহ্ লিংডোর ইস্তফা, সঙ্কটে UDP

মেঘালয়ের রাজনীতিতে অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্য সরকার গঠনে 'কিংমেকার' ভূমিকা পালন করা ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি বা ইউডিপি (UDP)-র অস্তিত্ব এখন তীব্র সংকটের মুখে পড়েছে। দলের সভাপতি মেতবাহ্ লিংডো মুখ্যমন্ত্রী কনরাড সাংমার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। দলের মোট ১২ জন বিধায়কের মধ্যে ১১ জনই পদত্যাগ করে অন্য দলে যোগ দিয়েছেন। ফলে বিধানসভায় ইউডিপির বিধায়ক হিসেবে মেতবাহ্ লিংডো এখন একাই রয়ে গিয়েছেন। এই গণ দলবদলের ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

২০২৩ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে কনরাড সাংমার দল এনপিপি ২৬টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল। পরবর্তীতে ইউডিপির ১২ জন, বিজেপির ২ জন, এইচএসডিপির ২ জন এবং ২ জন নির্দল প্রার্থীর সমর্থনে সেখানে জোট সরকার গঠিত হয়। প্রায় বছর খানেক আগে এনপিপি নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন মেঘালয় বিধানসভার প্রাক্তন স্পিকার তথা ইউডিপি সভাপতি মেতবাহ্ লিংডো। তবে শনিবার তিনি মুখ্যমন্ত্রী এবং স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের পর তিনি জানান, অল্প সময়ের মধ্যে দলে যেভাবে ভাঙন ধরেছে এবং তিনি যেখানে একা হয়ে গিয়েছেন, সেই অবস্থায় মন্ত্রী পদে টিকে থাকা তিনি উচিত মনে করেননি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউডিপির পদত্যাগী ১১ জন বিধায়কের মধ্যে ৮ জন বিজেপিতে এবং ৩ জন এনপিপিতে যোগ দিয়েছেন। বিধানসভার স্পিকার ইতিমধ্যেই সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। এক সময় খাসি-জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলের একক বৃহত্তম দল হিসেবে পরিচিত ইউডিপিতে বেশ কিছু দিন ধরে অভ্যন্তরীণ নেতৃত্ব ও সংগঠন নিয়ে মতবিরোধ চলছিল। মেতবাহ্ লিংডো নিজের ইচ্ছেয় পদত্যাগ করলেন নাকি বাধ্য হলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। দলের জাতীয় কার্যনির্বাহী কমিটি পুরো পরিস্থিতি পর্যালোচনা করে দেখার পর পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে বলে জানানো হয়েছে।

#Meghalaya #MeghalayaPolitics #MetbahLyngdoh #UDP #ConradSangma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *