Headlines

কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, খারিজ জরুরি শুনানির আর্জি

কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন এক আবেদনকারী। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে এই আবেদনের কোনও গুরুত্ব থাকবে না, এমন আশঙ্কা প্রকাশ করেই অন্তর্বর্তীকালীন নির্দেশের আবেদন জানিয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বিষয়টিতে এখনই জরুরি ভিত্তিতে পুজো অবকাশকালীন বেঞ্চে দায়েরের প্রয়োজন মনে করছে না। আদালতের তরফে জানানো হয়েছে, যেহেতু একক বেঞ্চে মামলাটি আগেই গৃহীত হয়ে রয়েছে, তাই আগামীতে নির্বাচন ঘোষণা হলেও প্রতি মুহূর্তে আদালতের কাছে আসার সুযোগ আবেদনকারীদের কাছে রয়েছে।

অন্য দিকে, সূত্রের খবর অনুযায়ী আগামী নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুর দিকেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই প্রেক্ষিতেই দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। নতুন প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে প্রথম দফায় ১ থেকে ৮ নম্বর বরো এবং দ্বিতীয় দফায় ৯ থেকে ১৬ নম্বর বরো নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ওয়ার্ড পুনর্বিন্যাস ও নতুন বুথ বিন্যাসের বিষয়গুলি ওঠার পাশাপাশি খসড়া ভোটার তালিকাও তুলে দেওয়া হয়। এতে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে একাধিক প্রতিক্রিয়া সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে বহু মানুষের নাম বাদ দিয়ে এইভাবে ভোট করানো হচ্ছে, যেখানে পুরনো ১৪৪টি ওয়ার্ড রেখে ভোট করলে ফল ভালো হত। প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এই সর্বদল বৈঠককে ‘লোক দেখানো’ আখ্যা দিয়ে সব কিছু আগে থেকে তৈরি রাখার অভিযোগ তুলেছেন। সিপিএম নেতা সুব্রত দত্ত স্পষ্ট জানান, এতজন ভোট দিতে না পারলে আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করা উচিত, তারপর ভোট হবে। তবে বিজেপির পক্ষে চিত্তরঞ্জন দে জানান, এটি সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার এবং প্রশাসন যা বলবে তারা তার সঙ্গেই রয়েছেন।

#KMC #Kolkata #HighCourt #WestBengal #KMCElections

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *