Headlines

ট্যাংরায় আইনজীবীকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় স্থানীয় বিজেপি

কলকাতা শহরের ট্যাংরা থানা এলাকায় এক আইনজীবীকে মারধর এবং তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুরের গুরুতর অভিযোগ উঠল। দুর্গাপূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করেই এই নির্মম ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। অভিযোগের তির স্থানীয় ক্লাব এবং বিজেপি নেতাকর্মীদের দিকে। আক্রান্ত ওই আইনজীবীর নাম মণিময় অধিকারী। ঘটনাস্থলে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে বাইক, সিসিটিভি ক্যামেরা ও জানলার কাচ। পুরো বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ঘটনার বর্ণনা দিতে গিয়ে আতঙ্কে কেঁদে ফেলেন অভিযোগকারী আইনজীবী। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী মণিময় অধিকারী জানান, দুর্গাপূজা উপলক্ষে তাঁর কাছে প্রথমে ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তিনি সেই টাকা না দেওয়ায় পরবর্তী সময়ে তাঁর ওপর হামলা চালানো হয় ও মারধর করা হয়। আক্রান্তের দাবি, হামলাকারীরা নিজেদের অঞ্চলের বিজেপি কর্মী বলে পরিচয় দেয়। অন্যদিকে, আইনজীবীর স্ত্রী সোমা অধিকারী জানান, ওই দলেরই একজন প্রথমে ১০ হাজার টাকার বদলে ৩০০ টাকা দিতে বলেছিলেন। কিন্তু সেই টাকা কেন কমানো হলো, তা নিয়ে প্রশ্ন তুলে পরবর্তীতে তাঁদের কাছে সরাসরি ১ লাখ টাকা দাবি করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রগতি ময়দান এবং ট্যাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই পূজা কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নাম রয়েছে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। তবে এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তিনি জানান, কে ঝামেলা করছে বা না করছে তাতে তাঁর কিছু যায় আসে না। অন্যদিকে, নর্থ ট্যাংরা কালী সঙ্ঘের সহ-সভাপতি তথা বিজেপি মহিলা মোর্চার সভাপতি মৌসুমি রায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, কাউকে নির্দিষ্ট টাকার বিল দেওয়া হয়নি, বরং ফাঁকা বিল দিয়ে যার যা ইচ্ছা দেওয়ার কথা বলা হয়েছিল। প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে বদনাম করার জন্য অভিযোগকারীরা নিজেরাই এই ভাঙচুর চালিয়েছে বলে উল্টে দাবি করেন তিনি।

#KolkataNews #TangraIncident #WestBengal #BJP #CrimeNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *