Headlines

তেলেঙ্গানায় বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, চিকিৎসাধীন মহিলা কন্ডাক্টরের মৃত্যু

চলন্ত বাস থেকে এক মহিলা যাত্রী ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন বলে ওঠা অভিযোগের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক মহিলা বাস কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ওই বাস কর্মীর নাম প্রবাল্লিকা (২৪), যিনি তেলেঙ্গানা আরটিসি-তে কর্মরত ছিলেন। গত ২৫ অক্টোবর তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোথাগুডেম জেলার অশ্বপুরম মণ্ডলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বাসের চাকার নিচে চলে আসায় তাঁর পায়ে মারাত্মক আঘাত লেগেছিল। প্রথমে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে মঙ্গলবার রাত ১১টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় ওই বাসকর্মীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, ওই দিন অভিযুক্ত মহিলা যাত্রী তাঁর ছেলের সঙ্গে বাসে যাচ্ছিলেন। বাসে তাঁর ছেলের টিকিট কেনা নিয়ে কন্ডাক্টর প্রবাল্লিকার সঙ্গে ওই যাত্রীর বাকবিতণ্ডা শুরু হয়। এরপর ওই যাত্রী ১০০ টাকা দিলে কন্ডাক্টর তাঁকে বাস থেকে নামার সময় বাকি খুচরো টাকা নিয়ে নিতে বলেন। কিন্তু ওই যাত্রী তৎক্ষণাৎ টাকা ফেরত দেওয়ার জন্য জোরাজুরি শুরু করেন এবং ঝগড়া মারাত্মক রূপ নেয়। তর্কের এক পর্যায়ে ওই যাত্রী চলন্ত বাস থেকেই কন্ডাক্টরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন বলে অভিযোগ। এর ফলে কন্ডাক্টর রাস্তার ওপর পড়ে যান এবং বাসের পেছনের চাকা তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। এই ঘটনায় অভিযুক্ত মহিলা যাত্রীকে পুলিশ গ্রেফতার করেছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁকে বিচার বিভাগীয় রিমান্ডে পাঠানো হয়েছে।

এই অনভিপ্রেত ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং রাজ্য পরিবহনমন্ত্রী পোনাম প্রভাকর। সরকার মৃত কন্ডাক্টরের পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবহনমন্ত্রী পোনাম প্রভাকর জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত কন্ডাক্টরের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, তাঁর মায়ের জন্য একটি সরকারি চাকরি এবং সরকারের 'ইন্দিরাম্মা' আবাসন প্রকল্পের আওতায় একটি বাড়ি দেওয়ার ঘোষণা করা হয়েছে।

#TelanganaNews #TelanganaRTC #Hyderabad #RevanthReddy #CrimeNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *