Headlines

বড়জোড়ায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ, হামলা ও লুটপাটের পাল্টা অভিযোগে উত্তপ্ত বাঁকুড়া

রাজনৈতিক সংঘর্ষে তীব্র উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়ায়। তৃণমূল ও বিজেপি—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা, বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ তুলে সরব হয়েছে। বাঁকুড়ার দুর্গাপুর এলাকায় আয়োজিত 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচিতে যোগ দিতে বড়জোড়ার বিজেপি নেতা-কর্মীদের একটা বড় অংশ বৃহস্পতিবার গ্রামের বাইরে ছিলেন। বিজেপির অভিযোগ, নেতা-কর্মীরা গ্রামে ফেরার আগেই তাজপুরে একযোগে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বড়জোড়া বিজেপি মণ্ডল সভাপতি ধনঞ্জয় গড়াই জানিয়েছেন, কর্মসূচির কারণে তাজপুর ফাঁকা থাকার সুযোগ নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের কর্মীদের ওপর চড়াও হয়। থমথমে পরিস্থিতি সামাল দিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজেপির পক্ষ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধর ও দলীয় কার্যালয়ে আগুন লাগানোর মারাত্মক অভিযোগ আনা হয়েছে। বিজেপির কর্মী রেজাউল মণ্ডল জানান, তাঁর ঘর থেকে ১ লাখ ৭৭ হাজার টাকা, দু'জোড়া কানের দুল এবং এক বস্তা চাল লুঠ করে নেওয়া হয়েছে। এছাড়া দলের নেতা সায়দার মণ্ডল অভিযোগ করেন, আনুমানিক সন্ধ্যা ৬টা নাগাদ দলীয় কার্যালয়ে চার-পাঁচ জন কর্মী বসে থাকার সময় দুষ্কৃতীরা এসে তাঁদের বেধড়ক মারধর করে এবং অফিসে আগুন লাগিয়ে দেয়। এই হামলায় তাঁদের মোট ৫ জন কর্মী আহত হয়েছেন বলে বিজেপির দাবি। একের পর এক ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

অন্যদিকে, নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধেই গ্রামে তাণ্ডব চালানোর দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা আমজাদ মণ্ডল জানান, তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ সমপূর্ণ মিথ্যা। উল্টে বিজেপির লোকজনই মনিরুল মণ্ডলের মুদিখানার দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এমনকি পুলিশের উপস্থিতিতেই তৃণমূলের প্রায় ১৭টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে তিনি দাবি করেন। দু পক্ষ থেকে ওঠা এই পাল্টাপাল্টি অভিযোগে বড়জোড়া এলাকা চরম উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রের খবর, দুই শিবিরের দেওয়া মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

#BankuraNews #Barjora #PoliticalClash #WestBengal #BengalNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *