রাজস্থানের জয়পুরে কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ক্যাফে মালিকের উপর মারাত্মক হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম ময়ঙ্ক গোপালিয়া, যিনি 'ওভেন দ্য বেকারি' নামের একটি ক্যাফে পরিচালনা করেন। জানা গিয়েছে, গত ৫ নভেম্বর রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী হঠাৎই তাঁর উপর চড়াও হয়। কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাস্তায় ফেলে ক্যাফে মালিককে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করতে থাকে তারা। এই হঠাৎ হামলায় আহত ব্যবসায়ী এবং তাঁর পরিবার গভীর আতঙ্কের মধ্যে রয়েছে।
পুলিশ সূত্রের খবর, রাস্তার পাশে থাকা সিসিটিভি ক্যামেরায় এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাইকে আসা দুই দুষ্কৃতী প্রথমে ময়ঙ্কের মাথায় সজোরে আঘাত করে। এরপর তিনি নিচে পড়ে গেলে তাঁর পা ও পিঠে রড দিয়ে মারতে থাকে দুষ্কৃতীরা। বেধড়ক মারধরের ফলে ঘটনাস্থলেই জ্ঞান হারান ওই ক্যাফে মালিক। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় ময়ঙ্ককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
ক্যাফের অন্যান্য কর্মীদের দাবি অনুযায়ী, ওই ক্যাফেতে শাবানা খান নামের এক মহিলা কর্মী কাজ করেন। অতি সম্প্রতি ক্যাফের ভেতর ময়ঙ্কের সঙ্গে শাবানা ও তাঁর স্বামী শাহরুখের বাকবিতণ্ডা হয়েছিল এবং ময়ঙ্ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন ওই দম্পতি। সেই শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই আততায়ীকে শনাক্ত করার কাজ চলছে। আক্রান্তের সঙ্গে অন্য কারও পুরনো শত্রুতা ছিল কি না, তা-ও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।
#RajasthanNews #JaipurCrime #CrimeNews #RajasthanPolice #Jaipur