উৎসবের মরশুমে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে কলকাতার একটি নির্দিষ্ট অঞ্চলে। টালা ব্রিজের নিচে একটি বড় জলের পাইপ ফেটে যাওয়ার ফলে আশপাশের বিস্তীর্ণ এলাকা জলে তলিয়ে গেছে। এই আকস্মিক জলমগ্নতার কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উপরেও মারাত্মক প্রভাব পড়েছে। বিশেষ করে ট্রেন চলাচলের ক্ষেত্রে বড় ধরনের বিঘ্ন ঘটেছ। পরিস্থিতি সামাল দিতে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময় বদল করা হয়েছে।
জলমগ্নতার জেরে ব্যাহত চক্ররেল পরিষেবা
জল জমার সমস্যা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে তার সরাসরি প্রভাব পড়েছে চক্ররেল পরিষেবার ওপর। টালা ব্রিজের নিচের অংশ প্লাবিত হওয়ায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চক্ররেল চালানো অসম্ভব হয়ে দাঁড়ায়। এর ফলে অফিসযাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। পাশাপাশি স্থানীয় অঞ্চলে পানীয় জল সরবরাহও ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুরসভার কর্মীরা দ্রুত তৎপরতা শুরু করেছেন এবং জল নিষ্কাশনের কাজ চালিয়ে যাচ্ছেন।
কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়ার নতুন সময়সূচি
এই অপ্রত্যাশিত সমস্যার কারণে কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের নির্ধারিত সময় পরিবর্তন করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ নভেম্বর ২০২৬ তারিখের জন্য বেশ কিছু ট্রেনের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের সুরক্ষার কথা এবং ট্রেন পরিচালনার সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
কোন ট্রেনের সময় কখন হল
কলকাতা থেকে ছেড়ে যাওয়া শিলঘাট টাউনগামী কাজিরাঙা এক্সপ্রেস বা ট্রেন নম্বর ১৩১৮১ এর পূর্ব নির্ধারিত সময় ছিল সকাল ৯ টা ৫ মিনিট। পরিবর্তিত সময় অনুযায়ী ট্রেনটি দুপুর ৩ টে ১৫ মিনিটে ছেড়ে যাবে। এছাড়া কলকাতা থেকে আজিমগড়গামী উইকলি এক্সপ্রেস বা ট্রেন নম্বর ১৩১৩৭ এর আগের সময় ছিল বেলা ১১ টা ২৫ মিনিট, যা এখন বদলে দুপুর ৩ টে ৪৫ মিনিট করা হয়েছে। কলকাতা থেকে জম্মুতাওয়াই এক্সপ্রেস বা ট্রেন নম্বর ১৩১৫১ সকাল ১১ টা ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৪ টেয় ছাড়বে। অন্যদিকে কলকাতা থেকে বালুরঘাট এক্সপ্রেস বা ট্রেন নম্বর ১৩১৬১ দুপুর ১২ টা ৫৫ মিনিটের বদলে দুপুর ৩ টেয় নির্ধারিত করা হয়েছে।
যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ
পূর্ব রেলওয়ের পক্ষ থেকে সমস্ত যাত্রীদের অনুরোধ করা হয়েছে তারা যেন যাত্রায় বের হওয়ার আগে এই পরিবর্তিত সময়সূচি ভালো করে দেখে নেন। আকস্মিক এই জলমগ্নতার কারণে যারা সমস্যায় পড়েছেন, তাদের উদ্দেশ্যে রেলের তরফ থেকে সমস্ত আপডেট নিয়মিত জানানো হচ্ছে। পৌর কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরে জনজীবন।