আলোর উৎসবের মধ্যে মধ্যপ্রদেশে মাটির প্রদীপ থেকে সৃষ্ট ভয়াবহ আগুনে ঘটে গেল বড় বিপর্যয়। রাজ্যের কাটনি এবং সিওনি—এই দুই জেলায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মাসের শিশুসহ মোট ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কাটনি জেলার বারহি শহরে একটি তিনতলা বাড়িতে সারা রাত জ্বলতে থাকা মাটির প্রদীপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। সোমবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুই মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের তিন প্রজন্মের ছয়জন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৭৭ বছর বয়সী পূরণ আগরওয়াল, তাঁর স্ত্রী চন্দ্রকলা, পুত্রবধূ পুনম এবং নাতনি আর্যা (১৪) ও আনভি (৬)। আগুনের প্রকোপে মায়ের কোলেই মৃত্যু হয় দুই মাসের শিশুটির। তিনতলা ভবনটির নীচতলায় থালাবাসনের দোকান ছিল এবং ওপরের অংশ আবাসিক হিসেবে ব্যবহৃত হতো।
কাটনির এই দুর্ঘটনায় বাণিজ্যিক ও আবাসিক কাজে ব্যবহৃত ভবনটি থেকে মাত্র দু'জন ব্যক্তি অক্ষত অবস্থায় বের হতে পেরেছেন। পুলিশ আধিকারিক জানান, কফি মেশিনের কাছে রাখা একটি মাটির প্রদীপ থেকে প্রাথমিক তদন্ত অনুযায়ী আগুন ছড়ায়। জেলা প্রশাসন জানিয়েছে, গভীর রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগার খবর পেয়ে পৌনে ১টা নাগাদ দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে ক্ষতিগ্রস্তদের স্বজনরা অভিযোগ তুলেছেন যে, পৌরসভার প্রথম দমকল গাড়িটি আসতে এক ঘণ্টা দেরি করে এবং সেটির হোস পাইপ নষ্ট থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়।
অন্যদিকে, কাটনি থেকে ২৫০ কিলোমিটার দূরে সিওনি জেলার ছাপারা শহরে ভোর সাড়ে ৪টা নাগাদ ঘটে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। সেখানে সোনা ব্যবসায়ী কুন্দন লাল সোনির তিনতলা বাড়িতে আগুন লাগলে ভেতরে থাকা ১০ জন সদস্যের মধ্যে ছয়জন মারা যান। বিষাক্ত ধোঁয়া ও আগুনে দগ্ধ হয়ে ৭৫ বছর বয়সী ওই সোনা ব্যবসায়ী, তাঁর স্ত্রী, দুই পুত্রবধূ, এক আত্মীয় এবং ১৬ বছর বয়সী এক নাতির মৃত্যু হয়। উদ্ধারকারীরা বাকি চার সদস্যকে বের করে আনতে পারলেও দুই জেলা মিলিয়ে রাতভর অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বারোতে গিয়ে পৌঁছেছে।
#MadhyaPradesh #FireAccident #KatniNews #SeoniNews #TragicIncidents