উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে আত্মীয়দের ট্রেনে তুলে দিতে গিয়ে চরম বিপাকে পড়লেন একই পরিবারের ১২ জন সদস্য। ঘটনাটি ঘটে ২২৪১৫ বারাণসী-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে। টিকিট থাকা আত্মীয়দের নির্দিষ্ট আসনে বসিয়ে দিতে ট্রেনের কামরায় উঠেছিলেন তাঁরা। তবে নির্ধারিত সময় পার হতেই ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায়। ফলে আর প্ল্যাটফর্মে নেমে আসতে পারেননি পরিবারের ওই সদস্যরা, যাদের মধ্যে কয়েক জন মহিলা ও শিশুও ছিলেন। চোখের সামনে ট্রেন ছেড়ে দেওয়ায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বাকি সদস্যরা চরম উৎকণ্ঠায় পড়ে যান।
নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট স্টেশন ছাড়া বন্দে ভারত এক্সপ্রেসের দরজা খোলে না। ফলে স্বজনদের সঙ্গে ট্রেনের ভেতরেই আটকে থাকেন ওই ১২ জন যাত্রী। কামরার ভেতর বার বার আবেদন জানানো হলেও মাঝপথে দরজা খোলা বা ট্রেন থামানো সম্ভব হয়নি। এর মধ্যে কয়েক জন যাত্রী বিষয়টি নিয়ে ট্রেনের কর্মীদের কাছে অভিযোগ জানান। পরিস্থিতি বিবেচনা করে ট্রেনের কর্মীরা টুন্ডলা স্টেশনের কন্ট্রোল রুমে পুরো বিষয়টি জানান। সেখান থেকে নির্দেশ পাওয়ার পর রবিবার সকাল ১০টা বেজে ৪৯ মিনিটে বিশেষ ভাবে এটাওয়া স্টেশনে ট্রেনটি দাঁড় করানো হয়। অবশেষে ১৪০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর সেখানে নামতে পারেন আটকে পড়া ওই যাত্রীরা।
এটাওয়া জাংশনের স্টেশন সুপার পিএম মীনা, আরপিএফ অফিসার দীনেশ কুমার সিংহ এবং জিআরপি ইনস্পেক্টর যদুবীর যাদব ট্রেন থেকে নামতে সাহায্য করেন তাঁদের। এর পর ওই ১২ জনকে আরপিএফ পোস্টে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। বিনা টিকিটে ট্রেনে চড়ে রেলের নিয়ম ভঙ্গ করার দায়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নিয়ম অনুযায়ী মাথাপিছু ৩,০০০ টাকা করে ১২ জনের থেকে মোট ৩৬,০০০ টাকা জরিমানা আদায় করেন রেল কর্তৃপক্ষ। জরিমানার টাকা পরিশোধের পর ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে কড়া সতর্কতা দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
#VandeBharatExpress #IndianRailways #ViralNews #KanpurNews #RailwayRules