সাধারণ মানুষের নিত্যদিনের মূল্যবৃদ্ধির উদ্বেগের মধ্যেই বিমানযাত্রা আরও ব্যয়বহুল হতে চলেছে। দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো তাদের একাধিক পরিষেবার চার্জ একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দুই বছরের কম বয়সী শিশুদের নিয়ে বিমানে ওঠার ফি ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে শিশুদের জন্য ভ্রমণ ফি ছিল ২,০০০ টাকা, তা বাড়িয়ে এখন ৩,০০০ টাকা করা হয়েছে। এই শিশুদের জন্য আলাদা কোনো আসন মিলবে না, তবুও টিকিট বুক করা বাধ্যতামূলক। পাশাপাশি, অভিভাবক ছাড়া একা ভ্রমণকারী ছোটদের ক্ষেত্রে দেশীয় বিমানের ফি ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,৯৯৯ টাকা করা হয়েছে এবং আন্তর্জাতিক উড়ানের জন্য এই খরচ রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা।
কেবল শিশু যাত্রীদের ফি নয়, ব্যাগের অতিরিক্ত ওজনের খরচও বাড়িয়েছে বিমান সংস্থাটি। বিমানে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ওজনের ব্যাগ বহন করলে আগে প্রতি কেজিতে ৭০০ টাকা দিতে হতো, এখন থেকে প্রতি কেজিতে গুনতে হবে ৮০০ টাকা। অর্থাৎ কেজি প্রতি ১০০ টাকা করে খরচ বাড়ল। এর পাশাপাশি প্রায়োরিটি চেক-ইন এবং বোর্ডিং পরিষেবার খরচ ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়েছে। ফাস্ট ফরোয়ার্ড পরিষেবার ক্ষেত্রে ৫০০ টাকার জায়গায় ৬৫০ টাকা এবং আন্তর্জাতিক উড়ানে ৮৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া ট্রাভেল সার্টিফিকেটের ফি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইন্ডিগো ভারতের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা, যাদের ঝুলিতে বর্তমানে ৪৩০টিরও বেশি বিমান রয়েছে এবং প্রতিদিন তারা প্রায় ২,২০০টি উড়ান পরিচালনা করে থাকে। বিমান সংস্থাটির একাধিক আনুষঙ্গিক চার্জ বাড়ানোর ফলে সার্বিকভাবে বিমানযাত্রার খরচ আগের চেয়ে অনেকটাই বেড়ে গেল। ইন্ডিগোর এই সিদ্ধান্তের পর দেশের অন্যান্য বেসরকারি বিমান সংস্থাও নিজেদের বিভিন্ন পরিষেবার দর বাড়াতে পারে বলে বাণিজ্য মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। এতে করে সাধারণ যাত্রীদের ওপর আর্থিক চাপ অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
#IndiGo #AirTravel #AviationNews #ServiceChargeHike #IndiaTravel