উত্তরপ্রদেশে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে ভোটার তালিকা থেকে প্রায় ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে বলে জানান তিনি। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীদের বিশেষ নির্দেশ দিয়ে তিনি ভোটার তালিকা বার বার কাটাছেঁড়া করে পরীক্ষা করতে বলেছেন। দলীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি জানান, বিপুল সংখ্যক নাম বাদ পড়ার কারণে শহরাঞ্চলের অন্তত ২৮টি বিধানসভা কেন্দ্রে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যজুড়ে মোট ২.০৪ কোটিরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, যার মধ্যে সিংহভাগই শহরাঞ্চলের বাসিন্দা এবং একটি বড় অংশ মহিলা।
জনসংখ্যার অনুপাত উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশে মোট ভোটারের সংখ্যা ১৬ কোটির বেশি হওয়া উচিত হলেও বর্তমানে তালিকায় প্রায় ১৩ কোটি ভোটার দেখা যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়া ৬৬ লক্ষের বেশি মানুষের নাম কীভাবে বিধানসভা কেন্দ্রের তালিকা থেকে বাদ গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে, বিভিন্ন জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন এমন প্রায় ৫৫ লক্ষ সুবিধাভোগীর নাম ভোটার তালিকায় অনুপস্থিত থাকা নিয়েও চরম উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১৮ থেকে ১৯ বছর বয়সি প্রায় ৪.৫ লক্ষ নতুন ভোটারের নাম বাদ পড়েছে। এই পরিস্থিতির মোকাবিলায় বিজেপি কর্মীদের বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গে সরাসরি সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সাংসদ ও বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে যোগ্য হিন্দু ভোটারদের নাম কোনোভাবেই বাদ না পড়ে। প্রায় ৮৪ লক্ষের বেশি নতুন ভোটারের নাম যুক্ত করার পর বর্তমানে উত্তরপ্রদেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যোগ্যদের নাম তালিকায় তোলাই এখন মূল লক্ষ্য।
#UttarPradesh #YogiAdityanath #VoterList #BJP #SIR