Headlines

ওরা বাংলা লুঠ করেছে, দিল্লি থেকে বিজেপিকে আক্রমণ মমতার, পাল্টা জবাব সম্বিত পাত্রের

নয়া দিল্লিতে আয়োজিত একটি রাজনৈতিক মঞ্চ থেকে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত বামপন্থী দলের সদস্য, মেহবুবা মুফতি, বিভিন্ন এনজিও, নাগরিক সমাজ এবং তরুণ প্রজন্মকে সংহতি জানানোর জন্য ধন্যবাদ জানান তিনি। বক্তব্যে এসআইআর (SIR) প্রক্রিয়া এবং ইভিএম লুঠের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, এক কোটিরও বেশি ভোটারের নাম বাদ দিয়ে গণতন্ত্র ও সংবিধানকে হাইজ্যাক করা হয়েছে। আমরা ভোটে হারিনি, আমাদের হারানো হয়েছে দাবি করে গণতান্ত্রিক পদ্ধতিতেই দিল্লির মাটি থেকে এই লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে দেশের মন্দির, মসজিদ, গুরুদ্বার ও ওয়াকফ সম্পত্তির টাকা ছাড়াও মানুষের চাকরি এবং নিরাপত্তা লুঠ করা হয়েছে। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলিকে বিজেপির সহযোগী হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং বিরোধীদের গৃহবন্দি করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে ধর্ম ও জাতপাতের বিভেদ ভুলে 'জেন জি', ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে 'সেভ ইন্ডিয়া, সেভ ডেমোক্রেসি' এবং 'বিজেপি হটাও' স্লোগান তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার জন্য বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম ও কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে আবেদন জানান।

তৃণমূল সুপ্রিমোর এই তীব্র আক্রমণের জবাবে পাল্টা তোপ দাগেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ভীতু বা কাফের যা ইচ্ছা বলতে পারেন, তাতে বিজেপির কিছু যায় আসে না। বিজেপি সাহসের সঙ্গে দেশের জন্য সব করতে প্রস্তুত এবং এই ধরনের হুঙ্কারে ভয় পায় না বলেও দাবি করেন তিনি। দিল্লি থেকে তৃণমূল নেত্রীর তোপ এবং পাল্টা বিজেপির প্রতিক্রিয়াকে কেন্দ্র করে জাতীয় রাজনীতির পারদ এখন তুঙ্গে।

#MamataBanerjee #BJP #SambitPatra #DelhiNews #IndianPolitics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *