বিচার বিভাগীয় হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির দুই শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। নয়াদিল্লির স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের লিখিত অঙ্গীকার এবং প্রয়োজনীয় বন্ড জমা দেওয়ার পর এই মুক্তির নির্দেশ জারি করে। আদালত জানিয়েছে, শান্তি ভঙ্গের আশঙ্কা সংক্রান্ত উদ্বেগ নিরসনের জন্য তাঁদের দেওয়া লিখিত প্রতিশ্রুতিই যথেষ্ট। তিহার জেল থেকে মুক্তি পাওয়ার জন্য দু'জনকে ৫০,০০০ টাকা করে ব্যক্তিগত বন্ড এবং জামানত বন্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এসইএম-এর দায়িত্বে থাকা এসিপি ঋতু রাজ সমস্ত প্রক্রিয়া শেষে তাঁদের তিহার জেল থেকে মুক্তির আদেশ দেন।
আদালতে দেওয়া মুচলেকা অনুযায়ী, যন্তর মন্তর এলাকাটি যতক্ষণ পর্যন্ত অনুমোদিত সমাবেশের তালিকা থেকে বাদ বা 'ডিনোটিফাইড' অবস্থায় থাকবে, ততক্ষণ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কিংবা কোনো বিক্ষোভ কর্মসূচির ডাক দেবেন না। এর আগে পুলিশের পক্ষ থেকে তাঁদের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও তিন দিন বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। পুলিশের যুক্তি ছিল, সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্য ও আগের আচরণের কারণে এলাকায় শান্তিভঙ্গ এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়ে গেছে। পুলিশ অভিযোগ তোলে যে, আন্দোলন থেকে বিরত থাকার বিষয়ে দাস ও রাঙ্কা আদালতে এবং সংবাদমাধ্যমে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে সৌরভ ও আশুতোষের এই মুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। দলের আইনি প্রধান রত্না সিং জানান, আদালতের এই সিদ্ধান্ত আরও আগেই আসা উচিত ছিল। অন্যদিকে সংস্থার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তাঁদের ছবি শেয়ার করে সম্মান জানান এবং দুই নেতাকে নিজের চেয়েও বড় নেতা বলে আখ্যা দেন। জেল থেকে মুক্তির পর অভিজিৎ দীপকের শেয়ার করা একটি ভিডিওতে সৌরভ ও আশুতোষকে 'ইনকিলাব জিন্দাবাদ', 'ভারত মাতা কি জয়' এবং 'জ্ঞানু মাস্ট গো' স্লোগান দিতে দেখা গেছে। দুই নেতার এই ধরনের অবস্থান ও বার্তার পর সংগঠনের আন্দোলন কোন দিকে মোড় নেয়, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।
#CockroachJantaParty #SauravDas #AshutoshRanka #AbhijeetDipke #DelhiNews