সাত মাসেরও বেশি সময় ধরে পাকিস্তানের করাচি বন্দরে আটকে রয়েছেন ভারতীয় মার্চেন্ট নেভির এক অফিসার এবং অন্য কর্মীরা। আটকে থাকা পাঁচ কর্মী এবং ওই অফিসারের সঙ্গে যোগাযোগ ও সহায়তার জন্য পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে ভারত। গত এপ্রিল মাসে 'MV Kever' নামের জাহাজটি ইরান ও ওমান হয়ে করাচি বন্দরে পৌঁছানোর পর থেকেই সেখানে আটকে রয়েছে। আদতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা মার্চেন্ট নেভির অফিসার বিনীত কিশোর মিশ্রের পরিবার সন্তানকে ঘরে ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে এবার পাকিস্তান প্রশাসন ও সংশ্লিষ্ট জাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছে কেন্দ্র।
এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, করাচি বন্দরে আটকে থাকা জাহাজের কর্মীদের বিষয়টি মূলত জাহাজের মালিক ও কর্মীদের মধ্যকার একটি চুক্তিভিত্তিক সমস্যা। তিনি স্পষ্টভাবে জানান, চাইলেই নাবিকরা জাহাজ ছেড়ে চলে আসতে পারেন না, কারণ জাহাজ ছাড়ার আগে সেখানে বিকল্প কর্মী বা ক্রু নিয়োগের প্রয়োজন হয়। ভারত সরকার জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সমস্যা সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে করাচিতে থাকা ওই জাহাজে বিদ্যুৎ এবং মোবাইল সংযোগ নিয়ে সমস্যা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে, তাই দ্রুত সমাধানের স্বার্থে কনস্যুলার অ্যাকসেসের জন্য ইসলামাবাদের কাছে আবেদন জানানো হয়েছে।
অন্য একটি ঘটনায়, ইরানে আটকে পড়া কেরলের বাসিন্দা অক্ষয় হরীশ নামের এক ভারতীয় নাবিকের জন্য এমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট পাঠিয়েছে কেন্দ্র। ২০২৫ সালে জাপানের 'Palm Marine'-এর জাহাজে যোগ দেওয়া অক্ষয় চবাহার বন্দরে পৌঁছনোর পর জানতে পারেন তাঁর পাসপোর্ট হারিয়ে গিয়েছে। গত ৯ নভেম্বর বন্দর আব্বাস থেকে ভারতে যোগাযোগ করার পর তাঁর পাসপোর্ট হারিয়ে যাওয়ার কারণে সেখানে আটকে থাকার বিষয়টি সামনে আসে। সরকার ইতিমধ্যেই তাঁর সুরক্ষায় প্রয়োজনীয় নথি পাঠিয়ে তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে।
#IndiaPakistan #MerchantNavy #KarachiPort #MEAIndia #IndianSeafarers