Headlines

চিন থেকে বাংলাদেশ যাওয়ার পথে ইন্দোনেশিয়ায় বাজেয়াপ্ত রাসায়নিক বোঝাই জাহাজ, উদ্ধার ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট

মাঝ সমুদ্রে বিপুল পরিমাণ রাসায়নিক বোঝাই একটি সন্দেহজনক জাহাজ বাজেয়াপ্ত করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। পূর্ব আফ্রিকার কোমোরোসের পতাকা লাগানো 'এমভি স্টার লাইন' নামের জাহাজটি চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল। ইন্দোনেশিয়ার বেলাওয়ান উপকূলের অদূরে জ্বালানি ভরতে নোঙর করার পর জাহাজটির গতিবিধি দেখে নৌবাহিনীর নজরদারি বিভাগের সন্দেহ জাগে। নির্ধারিত পথ থেকে সরে আসার কারণ এবং প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় জাহাজটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে জাহাজের ৩৬টি কন্টেনারের মধ্যে ১৫টিতে সোডিয়াম পারক্লোরেট বোঝাই পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ৪০৫ টন। শুধু রাসায়নিক পদার্থই নয়, এই জাহাজটি থেকে উদ্ধার করা হয়েছে লক্ষ লক্ষ অনিবন্ধিত ফোর-জি এলটিই সিমকার্ড।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী জারক পদার্থ, যা রকেট এবং ক্ষেপণাস্ত্রের প্রপেল্যান্ট তৈরিতে ব্যবহৃত হয়। এ ছাড়া শিল্পসামগ্রী হিসেবে এবং গবেষণাগারেও এটি ব্যবহৃত হয়ে থাকে। নৌবাহিনীর এক সেনাকর্তা জানিয়েছেন, বাজেয়াপ্ত হওয়া ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। বিপজ্জনক এই বিপুল পরিমাণ রাসায়নিক এবং লক্ষ লক্ষ সিমকার্ড কোন উদ্দেশ্যে চিনের বন্দর থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

পরবর্তীকালে ঘটনার তদন্তে নেমে জাহাজটির মালিকানা ও নথিপত্রের বৈধতা নিয়ে খতিয়ে দেখছে ইন্দোনেশিয়া সরকার। জানা গিয়েছে, জাহাজের নথিতে ২০২৭ সালের ৭ অক্টোবর মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা থাকলেও, তার বৈধতা নথিতে 'স্থগিত' হিসেবে চিহ্নিত রয়েছে। নৌবাহিনীর আধিকারিকেরা সদর দফতরে যোগাযোগ করার পর অতিরিক্ত বাহিনী এসে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। নথিপত্রের গরমিল এবং বিপজ্জনক রাসায়নিক পরিবহণের সার্বিক বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ার নিরাপত্তা ও প্রশাসনিক স্তরে বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে।

#Indonesia #China #Bangladesh #SodiumPerchlorate #MVStarLine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *