তিহাড় জেল থেকে জামিনে মুক্তির পরই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের নোটিসে সাড়া দিয়ে দিল্লির মন্দির মার্গ থানায় হাজিরা দিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা। বুধবার জামিনে মুক্ত হওয়ার পরদিন অর্থাৎ বৃহস্পতিবারই সংগঠনের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে নোটিস ধরায় অপরাধদমন শাখা। একই সঙ্গে নোটিস পাঠানো হয়েছিল সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডেকেও। শুক্রবার নির্ধারিত সময়ে তাঁরা সবাই থানায় হাজির হন। মূলত সিজেপি নেতাদের জামিনদারদের বিশ্বাসযোগ্যতা এবং তাদের যাচাইকরণ প্রক্রিয়ার বিষয়টিতে নিশ্চিত হতেই এই তলব বলে জানা গেছে। পুলিশি হাজিরার পর আশুতোষ রাঙ্কা জানান যে, জামিনদার সংক্রান্ত যাচাইকরণ প্রক্রিয়া সঠিকভাবেই সম্পন্ন হয়েছে এবং পুলিশ তাদের আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে পুনরায় একটি নতুন তারিখ দিয়েছে।
ককরোচ জনতা পার্টির এই নেতাদের বিরুদ্ধে মূল অভিযোগটি ওঠে গত ১৩ অক্টোবরের একটি ঘটনা কেন্দ্র করে। ওই দিন যন্তর মন্তরের লোহার গেট টপকে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিন্ডে তাঁদের সমর্থকদের নিয়ে ভেতরে প্রবেশ করেন। অথচ কেন্দ্র সরকার তার আগের দিনই যন্তর মন্তরে যেকোনো ধরণের প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিল। নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকায় ঢুকে পড়ার অপরাধে পুলিশ শান্তি ভঙ্গের চেষ্টার দায়ে সিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাঁদের গ্রেপ্তার করে জেলে পাঠায়। অবশেষে বুধবার তাঁদের জামিন মঞ্জুর হলেও জেল থেকে বের হতেই পুনরায় পুলিশের অপরাধদমন শাখার তদন্তের মুখোমুখি হতে হলো এই রাজনৈতিক নেতৃত্বকে।
অন্য দিকে, মূখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে দিল্লি ও রাজস্থানের জয়পুরে বাম সংগঠন ও আইসা-সহ নাগরিক সমাজের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। দিল্লিতে মিছিল করে নির্বাচন কমিশনের সদর দফতর নির্বাচন সদনের দিকে যেতে চাইলে পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়। রাজস্থানের জয়পুরেও প্রতিবাদ ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারী সুমিত্রা চোপড়া হুঁশিয়ারি দেন যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এই ইস্যুতে সিপিএম নেত্রী বৃন্দা কারাত কেন্দ্র সরকারকে নিশানা করে বলেন, তাঁরা সরকারের পতন চাননি, বরং জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। তবে পুলিশি বাধায় সমগ্র দিল্লির পথই এখন যন্তর মন্তরে পরিণত হয়েছে।
#DelhiPolice #CJPProtest #DelhiNews #JantarMantar #AISAProtest