কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর অভিযোগ, নির্বাচনে টিকিট পাওয়ার উদ্দেশ্যে তাঁর নিজের কেন্দ্রের এক কাউন্সিলরের কাছ থেকে টাকা দেওয়ার প্রস্তাব এসেছে। রীতেশ তিওয়ারির দাবি, সংশ্লিষ্ট কাউন্সিলর তাঁর ড্রাইভারকে দিয়ে বিজেপির ড্রপবক্সে চিঠি ফেলেছেন এবং পরে নির্বাচনে দায়িত্বে থাকা নেতাদের কাছে স্বামী-স্ত্রী দু'জনে গিয়ে আর্জি জানিয়েছেন। বিধায়কের এক বন্ধুকে ফোন করার পাশাপাশি রীতেশ তিওয়ারিকেও অন্তত সাতবার ফোন করে টাকা অফার করা হয়। তিনি জানান, ওই কাউন্সিলর দাবি করেছেন যে দলের সবাই রাজি থাকলেও কেবল রীতেশ তিওয়ারির আপত্তির জন্য তিনি দলে ঢুকতে পারছেন না। তবে বিগত ১৫ বছর ধরে যারা লুঠপাট চালিয়েছেন, তাঁদের প্রার্থী করার প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন বলে জানান বিধায়ক।
এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি প্রশ্ন তোলেন, বিজেপি যদি নিজেদের দলের বাইরে অন্য কাউকে প্রার্থী না-ই করতে চায়, তবে ড্রপবক্স তৈরি করার কী প্রয়োজন ছিল? নিজের দলের লোকের মতামত নিতে কি ড্রপবক্স লাগে? সুজন চক্রবর্তী আরও মন্তব্য করেন, তৃণমূলের মন্ত্রী যদি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন, তবে তৃণমূলের কাউন্সিলর বিজেপির কাউন্সিলর বা মেয়র হওয়ার আশা করতেই পারেন। বিজেপিই এই ধরনের রাজনীতির পথ দেখিয়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, বিজেপি বিধায়কের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি রীতেশ তিওয়ারির কাছে প্রশ্ন তুলেছেন, কেন ওই কাউন্সিলরের নাম প্রকাশ্যে আনা হচ্ছে না? কাকে আড়াল করা হচ্ছে এবং কিসের দরদে নাম গোপন রাখা হচ্ছে, তা নিয়ে তিনি কটাক্ষ করেন। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তারা কাউকেই আড়াল করছে না, তাই বিধায়কের উচিত অবিলম্বে সেই ব্যক্তির নাম প্রকাশ করে দেওয়া।
#RiteshTiwari #BJP #TMC #SujanChakraborty #KunalGhosh