পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্টুডিওপাড়ার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এবং নতুন সভাপতি কে হবেন, তা বেছে নিতে শনিবার থেকে শুরু হওয়া গিল্ডের ভোটগ্রহণ প্রক্রিয়া রবিবারও জারি রয়েছে। এই নির্বাচনপ্রক্রিয়া ও ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে স্টুডিওপাড়ায় আসেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং রূপা গঙ্গোপাধ্যায়। নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে মিঠুন চক্রবর্তী পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছেন। পাশাপাশি, সেখানে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান যে, ট্রেড ইউনিয়ন কমিশন বা লেবার কমিশনের যা নিয়ম-রীতি রয়েছে, সেই অনুযায়ী ভোট হচ্ছে এবং কোনো রাজনৈতিক দলের নেতা ভেতরে যাবেন না।
তবে এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন টালিগঞ্জের বিধায়ক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী। ভোটের স্বচ্ছতা আগে প্রমাণ করার দাবি জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, এতদিন কাজ না পাওয়া মানুষগুলো কাজ পাবে কি না। অতীতে যাঁদের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ ছিল তাঁদের দাপট বজায় রাখা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, এই বিষয়টি মিঠুন চক্রবর্তীকেও বোঝানো হয়েছে। এই বিষয়ে রুদ্রনীল ঘোষ প্রতিক্রিয়া দিয়ে বলেন, পাপিয়া অধিকারীর আশঙ্কার একটি দিক থাকলেও টেকনিশিয়ানদের ইচ্ছাতেই প্রার্থীরা নির্ধারিত হবেন। প্রার্থীরা ভোটারদের পছন্দেই নির্বাচিত হবেন এবং মিঠুন চক্রবর্তী প্রতিটি বিষয় সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন।
অন্যদিক, টালিগঞ্জে বারবার উত্তেজনা তৈরি হওয়া এবং কাজ বন্ধ থাকা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি স্পষ্টভাবে জানান, শ্যুটিং বন্ধ করা তাঁদের অভিধানের বিরুদ্ধে। ভোটের মধ্যে কোনও বদমায়েশি দেখলে তিনি ছাড়বেন না বলেও কড়া বার্তা দেন। সংবিধানে ও গণতন্ত্রে বিশ্বাসের কথা তুলে ধরে মিঠুন চক্রবর্তী বলেন, তিনি কারও কাজ বন্ধ করতে পারেন না এবং কাউকেও নির্দিষ্ট করে কাজ করার কথা বলতে পারেন না। সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে নির্বাচন এবং কাজ চলা উচিত বলেই তিনি মতপ্রকাশ করেন।
#TollywoodElection #MithunChakraborty #Tollygunge #TollywoodNews #WestBengal