'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস' নাম, ঘাসের ওপর জোড়াফুল প্রতীক এবং দলীয় তহবিলের মালিকানা কার হাতে থাকবে, তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে আজ শুক্রবার থেকে শুনানি শুরু হচ্ছে। দুপুর ৩টেয় এ বিষয়ে দুটি শিবিরকেই ডেকে পাঠিয়েছে কমিশন। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর এবার শুনানি পর্বে মুখামুখি হতে চলেছে মমতা তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। ইতিপূর্বে নিজেদের দাবির সপক্ষে দুই পক্ষই বিপুল পরিমাণের নথি কমিশনে জমা দিয়েছে। ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ৬ ট্রাক নথি জমা দেওয়া হয়েছে, অন্যদিকে কালীঘাটের মমতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঠানো হয়েছে ২ ট্রাক নথি। সূত্রের খবর, শুনানির শুরুতে আজ প্রথম নিজেদের বক্তব্য পেশ করবে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।
প্রতীকের লড়াই নিয়ে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান জানান, আপাতত তাঁদের হয়ে আইনজীবীরা নির্বাচন কমিশনে শুনানি পরিচালনা করবেন। কমিশনের চাওয়া সমস্ত নথি ও হলফনামা পেশ করা হয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই প্রতীক তাঁদের পক্ষে আসবে বলে তাঁরা আশাবাদী। অপরদিকে, মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে জানান, অনেকে দলের প্রতীক ও আর্থিক সাহায্য নিয়ে জয়ী হয়েছেন, দলের নেত্রী নিজে গিয়ে তাঁদের জন্য প্রচার করেছেন। জয়ী হয়ে আলাদা একটি গ্রুপ তৈরি করে নিজেদের মূল দল বলে দাবি করা কখনো মেনে নেওয়া যায় না।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং জোড়াফুল প্রতীক ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন। কমিশনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা তৃণমূল কংগ্রেস। গত ২৮ সেপ্টেম্বর সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় যে, তিন মাসের মধ্যে এই রাজনৈতিক দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই দুই পক্ষের কাছে নথি চেয়েছিল কমিশন। দীর্ঘ কাগজপত্রের লড়াইয়ের পর এবার শুনানির মাধ্যমে কোন পক্ষ দলের নাম, প্রতীক ও তহবিলের মালিকানা পায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
#TMC #ElectionCommission #TrinamoolCongress #BengalPolitics #SupremeCourt