নাগপুরের ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে (মেয়ো হাসপাতাল) এক কর্তব্যরত রেসিডেন্ট চিকিৎসককে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল পুলিশের এক হেড কনস্টেবল এবং তাঁর ছেলের বিরুদ্ধে। গত ৪ নভেম্বর এই ঘটনাটি ঘটেছে। এর প্রতিবাদ জানিয়ে হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকেরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসার হুঁশিয়ারি দিয়েছেন। জানা গিয়েছে, ওই দিন পুলিশকর্মী তাঁর ছেলেকে নিয়ে হাসপাতালে এসে অবিলম্বে চিকিৎসা শুরু করার দাবি জানান। সেই সময় দায়িত্বে থাকা রেসিডেন্ট ডাক্তার পরীক্ষা করে জানান, চোট সামান্য এবং বাড়ি নিয়ে গিয়ে সাধারণ ড্রেসিং করলেই হবে। চিকিৎসকের এই কথা শোনার পরেই বচসা শুরু করে দেন ওই পুলিশ অফিসার ও তাঁর ছেলে।
সামান্য চোটের কথা শুনেই দুই পক্ষের তর্কাতর্কি দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, চিকিৎসককে সজোরে ধাক্কা মেরে ওয়ার্ডের একটি বিছানার ওপর ফেলে দেওয়া হয়। আসল ঘটনা হল, চিকিৎসক পুলিশকর্মীর ছেলেকে অপেক্ষা করিয়ে বেশি অসুস্থ একজন অন্য রোগীর চিকিৎসা করছিলেন, আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবা ও ছেলে। সম্পূর্ণ বিষয়টি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্যান্য রোগীদের সামনেই ওয়ার্ডের ভেতরে চিকিৎসকের ওপর চড়াও হয়েছেন দু'জন। শেষ পর্যন্ত হাসপাতালের নিরাপত্তারক্ষীরা এসে দু'জনকে সরিয়ে নিয়ে যান।
এই ঘটনায় 'মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস' (MARD)-এর তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে উভয় পক্ষের পাল্টা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, মূল অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে উল্টে আক্রান্ত চিকিৎসকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। অ্যাসোসিয়েশনের স্পষ্ট দাবি, চিকিৎসকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে হবে, অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এবং হেড কনস্টেবলকে বরখাস্ত করতে হবে। এই দাবি না মানলে মেয়ো হাসপাতালের চিকিৎসকেরা অনির্দিষ্টকালের ধর্মঘটে নামার হুমকি দিয়েছেন।
#Nagpur #DoctorAssault #MayoHospital #MARD #MedicalNews