উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযোগের তীর বিজেপিরই একাংশের কর্মীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, পানিহাটির এক ব্যবসায়ীর উপর হামলা চালায় পানিহাটি ১ নম্বর মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি রাজদীপ দাস ও তার দলবল। আক্রান্ত ব্যবসায়ী ফোন করে বিষয়টি জানান বিজেপির মণ্ডল সম্পাদক রুমা সাহাকে। খবর পেয়ে স্বামী অরূপ সাহাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান রুমা সাহা। সেখানে পৌঁছালে রাজদীপ ও তার সহযোগীরা বিজেপি নেত্রীর উপর চড়াও হয় বলে অভিযোগ। এই সময় স্ত্রীকে বাঁচাতে গেলে অরূপ সাহাকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, যা জানা গিয়েছে তা অনুযায়ী এটি কোনো দলীয় সংক্রান্ত ঝামেলা নয় এবং বচসাটি অন্য কোথাও হয়েছিল। পরবর্তীতে ওই ব্যক্তি নিজ বাড়িতে মারা যান। তিনি পুরো ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে সে গ্রেফতার হবে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই তড়িঘড়ি মন্তব্য করা থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সুকান্ত মজুমদারের মতে, আগে বিষয়টি খতিয়ে দেখা উচিত, কারণ পরে ময়নাতদন্তের ফলাফলে অন্য কিছু সামনে এলে আগাম করা মন্তব্যটি ভুল প্রমাণিত হতে পারে।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে দলীয় অন্দরের নানা বিষয় সামনে এনেছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তিনি অভিযোগ করেন, পানিহাটিতে তৃণমূল সমর্থিত বাহিনীর অনুপ্রবেশ ঘটেছে এবং তারা দলে বেশি কাজ ও সহযোগিতা পাচ্ছে। গত ৪ জুনের পর যারা দলে যোগ দিয়েছে, তারাই মূলত নানা ঝামেলা পাকাচ্ছে বলে দাবি করেন তিনি। এছাড়া জেলা সভাপতি বিভিন্ন ওয়ার্ডে যাদের বসিয়েছেন, তারা পরিস্থিতি উত্তপ্ত করছে বলেও ইঙ্গিত দেন বিধায়ক। নিহত বিজেপি কর্মীর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেমন উত্তেজনা রয়েছে, তেমনই পুলিশের মামলার অগ্রগতির দিকে নজর রাখছে স্থানীয় রাজনৈতিক মহল।
#Panihati #BJP #SukantaMajumdar #North24Parganas #WestBengal