পেট্রোলে ইথানল মেশানো নিয়ে নতুন করে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে কর্নাটকে। নিয়ম অনুযায়ী E20 পেট্রোলে ২০ শতাংশ ইথানল থাকার কথা থাকলেও, রাজ্যটির একাধিক জেলায় ৩১.২ শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রির গুরুতর অভিযোগ সামনে এসেছে। রাজ্য সরকারের উদ্যোগে সাতটি জেলার বিভিন্ন পেট্রোল পাম্প থেকে ১৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তার মধ্যে ১১টি নমুনাতেই নির্ধারিত ২০ শতাংশের চেয়ে বেশি ইথানল পাওয়া গেছে। সরকারি ও বেসরকারি শোধনাগার থেকে আসা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়ামের পেট্রোলে ২৬.৫ শতাংশ থেকে শুরু করে ৩১.২ শতাংশ পর্যন্ত ইথানলের উপস্থিতি ধরা পড়েছে। বেঙ্গালুরুর শ্রীরাম রিসার্চ ইনস্টিটিউটে গ্যাস ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে এই পরীক্ষা চালানো হয়েছিল।
এই পরীক্ষার ফল সামনে আসার পর কর্নাটক সরকার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে তেল প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়াম একটি যৌথ বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, যে পদ্ধতিতে নমুনা পরীক্ষা চালানো হয়েছে তা আইনবিরুদ্ধ এবং প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ। দেশের সর্বত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর নির্ধারিত মানদণ্ড মেনে E20 জ্বালানি সরবরাহ করা হয় বলে সংস্থাগুলি জানিয়েছে। তা সত্ত্বেও এই ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এবং ক্ষতিগ্রস্ত গাড়িমালিকদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি এই পুরো বিষয়ের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হচ্ছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানায় নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নমুনা পরীক্ষার সূচি তুলে ধরে তিনি অভিযোগ করেন, E20-র নামে সাধারণ মানুষের সাথে ৪২০ অর্থাৎ প্রতারণা করা হচ্ছে। তিনি বলেন, দামি পেট্রোলের টাকা দিয়ে গ্রাহকরা ইথানল পাচ্ছেন, যা গাড়িগুলির পক্ষে ক্ষতিকর এবং এর ফলে মাইলেজ কমার পাশাপাশি মেকানিকের কাছে বারবার যেতে হচ্ছে। কোনো পেট্রোল পাম্পে জ্বালানির উপাদান পরিষ্কার করে লেখা নেই বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। অতিরিক্ত ইথানল মেশানো সংস্থাগুলির বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নেবে এবং এই নীতির ফলে শেষ পর্যন্ত কারা লাভবান হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল।
#EthanolInPetrol #E20Row #RahulGandhi #KarnatakaNews #PetrolAdulteration