হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্যসভা সাংসদ রামরাও সাখারাম ওয়াডকুটের। মৃত্যুকালে তিনি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (এমস) চিকিৎসাধীন ছিলেন। কাশি নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ তিনি আচমকা হৃদরোগে আক্রান্ত হন এবং রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি বছরের এপ্রিল মাসেই তিনি বিজেপি-র প্রতিনিধি হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
আদতে মহারাষ্ট্রের মরাঠাওয়াড়ার বাসিন্দা রামরাও ওয়াডকুটে ২০১৪ সালের জুন মাস থেকে ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য ছিলেন। রামরাওয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, সমাজে ও দরিদ্র মানুষের সেবায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে মহারাষ্ট্রে বিজেপি সংগঠনকে শক্তিশালী করতে তাঁর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। শোক প্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারপার্সন সিপি রাধাকৃষ্ণন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও বর্ষীয়ান এই সাংসদের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন। তিনি জানান, একেবারে তৃণমূল স্তর থেকে উঠে আসা রামরাও ওয়াডকুটে অত্যন্ত সরল জীবনযাপন করতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত জনগণের সেবায় আত্মনিবেদিত ছিলেন। বিজেপির দলীয় সংগঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরিবার জানিয়েছে, আগামী সোমবার তাঁর মরদেহ নিজ এলাকায় সর্বসাধারণের শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা থাকবে। পরবর্তীকালে মঙ্গলবার মহারাষ্ট্রের হিঙ্গোলীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
#RamraoWadkute #BJP #RajyaSabha #Maharashtra #Obituary