ভারতের সঙ্গে সংঘাতের সময়ে চিনা সেনা পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সাহায্য জুগিয়ে চলেছে বলে আমেরিকার এক কংগ্রেস কমিটির রিপোর্টে দাবি করা হয়েছে। মার্কিন কমিশনের রিপোর্টে বলা হয়, সীমান্তে ভারতের উপর চাপ সৃষ্টি করতে এবং ভারতের অর্থনৈতিক উত্থান আটকে রাখতেই পাকিস্তানকে এমন সাহায্য প্রদান করছে বেইজিং। এশিয়ার বুকে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে ভারত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং চিনের একটি বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে উঠে আসার সম্ভাবনা রাখে। আর সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রে ভারতের এই প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের বৃদ্ধি থামিয়ে দিতে চিনের তরফে নানা পদক্ষেপ করা হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। অতীতে সংঘাতের সময়ও চিন পাকিস্তানকে প্রযুক্তিগত সহযোগিতা, গোয়েন্দা তথ্য এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল বলে রিপোর্টে উল্লেখ রয়েছে।
প্রতিবেদনে ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনা নৌবাহিনীর তৎপরতা ও গোয়েন্দা পরিধি বৃদ্ধি এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর চিনের সামরিক পরিকাঠামো গঠনের বিষয়টি তুলে ধরা হয়েছে। লাদাখ সীমান্ত কিছুটা শান্ত হলেও অরুণাচল প্রদেশে সংঘাত এবং বেইজিংয়ের বিমানঘাঁটি ও রেলপথ সম্প্রসারণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কেবল সামরিক ক্ষেত্রে নয়, চিনের অন্যতম প্রধান হাতিয়ার তাদের অর্থনীতি। শিল্পসামগ্রী উৎপাদন ও প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের আধিপত্য বজায় রাখতে ভারতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও কাঁচামাল রফতানি কমিয়ে দিয়েছে তারা। ব্যাটারি প্রযুক্তি ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহে রাশ টানার ফলে ভারতের পরিচ্ছন্ন জ্বালানি ও বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের গতি ধীর হয়ে পড়ছে।
চিনের এই দ্বিমুখী আক্রমণ ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সমন্বয় সাধনের ওপর জোর দিয়েছে মার্কিন রিপোর্টটি। এতে বলা হয়েছে, দুই দেশের গোয়েন্দা বিভাগের মধ্যে নিবিড় সংযোগ গড়ে তোলার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি এবং শিল্প উৎপাদন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। যদিও ভারত অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং সেনার আধুনিকীকরণের মাধ্যমে চিনের ওপর নির্ভরশীলতা কমানোর পথ হাঁটছে, তবে প্রযুক্তিগত স্বনির্ভরতার জন্য প্রয়োজনীয় পুঁজি ও সময়ের প্রয়োজন। তাই এশিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্য রক্ষায় ভারত ও আমেরিকার যৌথ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
#IndiaChinaRelations #USChinaReport #IndiaUSRelations #PakistanChina #DefenseNews