Headlines

মেয়াদ শেষের পরও সরকারি সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত ও আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও সরকারি পদে বহাল থেকে নানা সুযোগ-সুবিধা ভোগের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামানের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, গত ১৮ অক্টোবর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এলওপি পদ এবং আখরুজ্জামানের মুখ্যসচেতক পদের মেয়াদ পূর্ণ হয়ে গিয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্তই তাঁদের সময়সীমা ছিল। তা সত্ত্বেও গত এক মাস ধরে তাঁরা পদে বহাল থেকে সরকারি অফিস, বেতন ও যাবতীয় সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়া বেতন তাঁরা প্রত্যাখ্যান করেননি বলেও দাবি করেন তিনি।

আদালতের রায় অমান্য করাকে অপরাধ হিসেবে গণ্য করেই তিনি থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন বলে জানান শোভনদেব চট্টোপাধ্যায়। তবে পুলিশ সেই অভিযোগ গ্রহণ করতে চায়নি এবং তাঁকে বিধানসভার স্পিকারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে। পুলিশের এই পরামর্শ প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় জানান, তিনি কোথায় যাবেন বা কী সিদ্ধান্ত নেবেন তা সম্পূর্ণ তাঁর নিজের বিষয় এবং তিনি থানার নির্দেশে চলবেন না। মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় আদালতে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলেও তা করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, শোভনদেব চট্টোপাধ্যায়ের এই পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছেন আখরুজ্জামান। তিনি দাবি করেন, শোভনদেব চট্টোপাধ্যায় হয়তো পুরো বিষয়টি জানেন না, অথবা তাঁকে অপমান করার উদ্দেশ্যে কালীঘাট থেকে চাপ সৃষ্টি করে এসব অন্যায় কথা বলানো হচ্ছে। আখরুজ্জামান জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়ে থাকলে শোভনদেবের উচিত ছিল আদালত বা স্পিকারকে বিষয়টি জানানো এবং সরকারি সুযোগ-সুবিধা প্রত্যাহারের আবেদন করা। তা না করে স্পিকার বা হাইকোর্টে না গিয়ে সরাসরি হেয়ার স্ট্রিট থানায় অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করতে যাওয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

#SovandebChatterjee #RitabrataBanerjee #Akharuzzaman #WestBengalPolitics #KolkataNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *