রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে পরাজয়ের পর রাস্তার বসানো এলইডি আলো খুলে নেওয়ার অভিযোগ উঠল এক প্রার্থীর বিরুদ্ধে। টোঙ্ক জেলার পীপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চারটি গ্রাম—ঢাণী, বেগমপুরা, হনীফগঞ্জ এবং বীজলপুরায় এই ঘটনা ঘটেছে। রণৌলী পঞ্চায়েতের আওতাধীন এই চার গ্রামের রাস্তায় নির্বাচনের ঠিক আগেই প্রায় ৫০টি এলইডি আলো বসানো হয়েছিল। তবে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরই রাস্তার ল্যাম্পপোস্ট থেকে সেই আলো খোলার কাজ শুরু হয় বলে অভিযোগ। আলো খুলে নেওয়ার ফলে বর্তমানে এই চারটি গ্রামের রাস্তাঘাট অন্ধকারে ডুবে রয়েছে।
উক্ত ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন প্রিয়ঙ্কা শর্মা, যিনি এক বিজেপি বিধায়কের ব্যক্তিগত সচিবের স্ত্রী। নির্বাচনে ফলাফলে দেখা যায়, তিনি পরাজিত হয়েছেন। ভোটের ফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ল্যাম্পপোস্ট থেকে আলো খুলে ফেলার কাজ শুরু হয় এবং সামাজিক মাধ্যমে সেই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, নির্বাচনে হার মেনে নিতে না পেরে গ্রামবাসীদের উপর রাগ মেটাতেই আলো খুলে নেওয়া হয়েছে। তবে স্থানীয় পুরসভার বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের মতে, আলোগুলিতে পুরসভার দেওয়া সিরিয়াল নম্বর ছিল না এবং সেগুলি অনুমতি ছাড়া লাগানো হয়েছিল। সংশ্লিষ্ট বিজেপি বিধায়কও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ খারিজ করেছেন।
উল্লেখ্য, এবারের রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে গ্রাম্য এলাকায় বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি। রাজস্থান জুড়ে কংগ্রেস ৩৭০১টি পঞ্চায়েত সমিতি আসনে জয়লাভ করেছে, অন্যদিকে বিজেপি পেয়েছে ২১৮১টি আসন। জেলা পরিষদের ক্ষেত্রেও কংগ্রেস ৫৯৯টি আসনে জয়ী হয়েছে এবং বিজেপি পেয়েছে ৩০১টি আসন। বিশেষ করে টোঙ্ক জেলায় ব্যাপক সাফল্য পেয়েছে কংগ্রেস, সেখানকার ৩১টি জেলা পরিষদ আসনের মধ্যে ২৫টিতেই জয়ী হয়েছে তারা।
#Rajasthan #PanchayatElection #BJP #Tonk #RajasthanNews