দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত বিরোধী জোট I.N.D.I.A-র সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 'ভোটচুরি'র অভিযোগ তুলে তিনি জানান, দেশকে সঠিক পথে চালনা করতে হলে প্রথমেই মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে হবে। রাহুল দাবি করেন, জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না। অমিত শাহের এক মন্তব্যের জবাবে রাহুল বলেন, নরেন্দ্র মোদী চাইলেও কোথাও যেতে পারবেন না এবং বিরোধী জোট তাঁকে যেতে দেবে না। ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের পাশাপাশি মোদী ও শাহের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
রামলীলা ময়দানের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী এই 'ভোটচুরি'কে মানুষের কণ্ঠস্বর চুরি এবং বিরলের মধ্যে বিরলতম রাষ্ট্রদ্রোহ বলে আখ্যা দেন। তিনি জানান, মুখ্য নির্বাচন কমিশনারকে জেল খাটতে হবে। এই সমাবেশে রাহুল গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবের মতো বিরোধী শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ। সেখানে একযোগে মোদী সরকারকে নিশানা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর বদলে এখন 'বিজেপির সাথ, সবার সর্বনাশ' তৈরি হয়েছে। ধর্মীয় স্থান ও ওয়াকফ সম্পত্তি লুঠের পাশাপাশি পুলিশ দিয়ে দলীয় কাজ করানোর অভিযোগও তোলেন তিনি।
অন্যদিকে, বিরোধী জোটের এই মেগা সমাবেশকে 'ফ্লপ শো' বলে কটাক্ষ করেছে বিজেপি। রামলীলা ময়দানের অর্ধেকও ভরেনি বলে দাবি করে বিজেপি শিবির। এছাড়া, বিরোধী জোট ১ নভেম্বর সভার দিন হিসেবে বেছে নিলে ১৯৮৪ সালের শিখবিরোধী অশান্তির প্রতিবাদে পাল্টা কর্মসূচিতে পথে নামে বিজেপি-ও। তবে ময়দান থেকে শাসকদলকে পরাস্ত করার বার্তা দিয়ে লড়াইয়ের ধার আরও বাড়াল বিরোধী শিবির।
#RahulGandhi #INDIABloc #RamlilaMaidan #NarendraModi #AmitShah