শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে আগামী ৬০ দিনের জন্য গৃহবন্দি বা হাউজ় অ্যারেস্ট করে রাখার নির্দেশ দিল প্রশাসন। লেহ্-র অতিরিক্ত জেলাশাসকের তরফে জারিকৃত এই নির্দেশের ফলে আগামী দুই মাস তিনি কোনও ধরনের মিছিল কিংবা ধর্না কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। মূলত ৪ ডিসেম্বর নির্ধারিত লাদাখ অটোনমাস হিল ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন সোনম। সম্প্রতি আন্দোলনস্থল থেকে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। লেহ্-র পুলিশ প্রধানের আবেদনের ভিত্তিতে অতিরিক্ত জেলাশাসক ১৬৩ ধারা জারি করেছেন। এই অর্ডারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে নির্দেশটি জারি হওয়ার পর থেকেই তা বলবৎ হবে এবং পরবর্তী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
আগামী ৪ ডিসেম্বর আয়োজিত হতে চলা এই হিল কাউন্সিল নির্বাচনের বিরোধিতা গোড়া থেকেই করে আসছিলেন সোনম এবং লাদাখের স্থানীয় নেতৃত্ব। তাঁদের মূল বক্তব্য ছিল, শীতের মরশুমে এত তাড়াহুড়ো করে ভোট গ্রহণ করা হলে বহু মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। কারণ কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে এই সময়ে স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ অন্যত্র চলে যান, যার ফলে সময়মতো ফিরে এসে ভোট দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। এই দাবির সমর্থনে লাদাখে অবস্থান ও প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন সোনমসহ অন্যান্যরা। কিন্তু নতুন প্রশাসনিক নির্দেশের কারণে তাঁর বাড়ি থেকে বেরোনোর সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘটনাচক্রে, দু'দিন আগেই প্রকাশিত একটি ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক জানান যে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে এবং বাড়ির চারপাশ সশস্ত্র বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভিডিওতে তিনি প্রশ্ন তোলেন, গত বছর লাদাখে ঘটা হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় কমিশনের রিপোর্ট কোথায় এবং এমন কনকনে ঠান্ডার মধ্যে তড়িঘড়ি নির্বাচন আয়োজনের কারণ কী। সোনমের অভিযোগ, একদিকে সরকার তাঁকে শুধু বাড়িতে থাকার পরামর্শ দেওয়ার দাবি করলেও বাস্তবে তাঁকে বেরোতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি, তাঁর বক্তব্য সাধারণ মানুষের কাছে যাতে না পৌঁছায়, সেজন্য তাঁর এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্টের নাগাল পাওয়ার পথও রুদ্ধ করা হয়েছে বলে তিনি দাবি জানান।
#SonamWangchuk #LadakhNews #SonamWangchukHouseArrest #LadakhElections #LehNews