কলকাতার সল্টলেক এলাকা জুড়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি সম্বলিত পোস্টার নিয়ে তীব্র শোরগোল তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে বিধাননগর তথা সল্টলেকের একাধিক জায়গায় এই পোস্টারগুলি নজরে আসে। পোস্টারটিতে লোকসভা অধিবেশন চলাকালীন রাহুল গান্ধীর ঝিমানো বা ঘুমন্ত ভঙ্গির ছবি তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ছবিতে তিনি সংসদে গালে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে রয়েছেন, আবার অন্য একটি ছবিতে লোকসভার আসনের উপর হাত রেখে ঝিমানোর ভঙ্গিতে বসে আছেন। এই জোড়া ছবির ঠিক নিচে লেখা রয়েছে, 'দেশের নেতা কি এমনই হওয়া উচিত?' রাতের অন্ধকারে কে বা কারা সল্টলেকের রাস্তায় এসব পোস্টার সাঁটিয়ে গিয়েছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
বর্তমানে জ্ঞানেশ কুমারের অবসরের দাবিতে বিরোধীদের আন্দোলন চলছে এবং সেই আন্দোলন-বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এর মাঝেই সল্টলেকে তাঁর এই বিতর্কিত পোস্টার প্রকাশ্যে এল। পোস্টারে দুটি আলাদা ছবি ব্যবহার করা হয়েছে—যার একটি অনেক আগের বলে ঠাহর হচ্ছে এবং অন্যটি সাম্প্রতিককালের। এই পোস্টারের মাধ্যমে সংসদের ভিতরে রাহুলের ঘুমোনোর বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সকাল সকাল সল্টলেকের বিভিন্ন জায়গায় এই ধরণের পোস্টার দেখে চমকে যান স্থানীয় বাসিন্দারা।
রাহুল গান্ধীর এই পোস্টার নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সমরেশ রায় নামের এক যুবক। তিনি জানান, সংসদে অধিবেশন চলাকালীন এভাবে ঘুমানো একেবারেই অনুচিত। রাহুলের প্রধানমন্ত্রী হতে চাওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে আছেন বলেই দেশের মানুষ নিশ্চিন্তে বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছেন, দু'মুঠো খেতে পারছেন এবং কাজকর্ম করতে পারছেন। মোদী থাকার কারণেই সাধারণ মানুষ শান্তিতে বাস করছেন বলে দাবি করেন ওই যুবক। তবে সল্টলেকে এই পোস্টার কারা টানাল, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
#RahulGandhi #SaltLake #KolkataNews #WestBengal #LokSabha