Headlines

হরমুজ প্রণালীতে এলপিজি ট্যাঙ্কারে হামলা, উদ্ধার ২১ ভারতীয় নাবিক, নিখোঁজ ১

গত ১৬ নভেম্বর হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার 'এমটি তারা গ্যাস'-এর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ওই ট্যাঙ্কারটিতে মোট ২৪ জন ভারতীয় নাগরিক অবস্থান করছিলেন। ঘটনার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ২৪ জন ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে ওমানের খাসাব বন্দরে সরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনায় আহত দু'জন ভারতীয় নাবিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজন ভারতীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন।

কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানিয়েছেন যে, পরবর্তীতে ট্যাঙ্কারটির ওপর দ্বিতীয় পর্যায়ে আবারও হামলা চালানো হয়। এর ফলে পুরো ক্রু সদস্যই বাধ্য হয়ে জাহাজটি ছেড়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন যে, নিখোঁজ নাবিককে দ্রুত উদ্ধার করতে এবং উদ্ধার হওয়া ক্রুদের তাৎক্ষণিক নিরাপত্তা, কল্যাণ ও প্রয়োজনীয় সমস্ত সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে জাহাজ ব্যবস্থাপনা কোম্পানি ও আঞ্চলিক উদ্ধারকারী কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে সমন্বয় সাধন করা হচ্ছে।

ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় ওমানি কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে নিখোঁজ নাবিকের অনুসন্ধান ও উদ্ধার কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ধারের ক্ষেত্রে ওমান সরকারের সময়োচিত সহায়তা ও সহযোগিতার প্রশংসা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ এবং অসামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রবণতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। এই ধরণের হামলা অসামরিক নাবিকদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে অবাধ ও নিরবচ্ছিন্ন নৌচলাচল পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে ভারত।

#StraitOfHormuz #MTTaraGas #Oman #IndianSeafarers #MaritimeSecurity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *